গোড়ালির ইনজুরিতে গত ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে নেইমার। সম্প্রতি পিএসজি ছেড়ে নতুন ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন তিনি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এরই মধ্যে সৌদি আরবে পা রেখেছেন। কিন্তু নতুন জার্সিতে তাকে মাঠে দেখতে হলে অপেক্ষা করতে হবে আরও প্রায় একমাস।
কোচ হোর্হে জেসুস জানিয়েছেন, ইনজুরির কারণে আল হিলালে নেইমারের অভিষেকের জন্য অপেক্ষা করতে হবে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত। শনিবার কিং ফাহদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ৬০ হাজার দর্শকের সামনে অভ্যর্থনা জানানো হয় ব্রাজিলের তারকা ফরোয়ার্ডকে। আল হিলালের হোম গ্রাউন্ডের আকাশে ‘নেইমার নীল’ লেখা ব্যানারে ড্রোন উড়িয়ে স্বাগত জানানো হয়।
তারপর জেসুস বলেন, ‘নেইমার একজন উদ্ভাবনী ও সৃজনশীল খেলোয়াড়। সে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। কিন্তু তার এখনও হালকা ইনজুরি আছে। সে কবে ফিরবে আমি জানি না আসলে। সম্ভবত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে সে প্রস্তুত থাকবে।’
নেইমারকে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে অন্তর্ভুক্তিতে বিস্মিত হয়েছেন আল হিলালের পর্তুগিজ কোচ, ‘আমি জানি না কীভাবে ব্রাজিলিয়ান জাতীয় দল তাকে ডাকলো, সে তো প্রস্তুত নয়।’
গত বিশ্বকাপের পর থেকে নেইমার ব্রাজিলের জার্সি পরেননি। আগামী সেপ্টেম্বরে বলিভিয়া ও পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের দল ঘোষণা করা হয়েছে তাকে রেখে।