গতবারের দৈন্যদশা থেকে নতুন মৌসুমেও বের হতে পারলো না চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ম্যাচ শেষে পরিস্থিতি বলছে সেই কথা। লিভারপুলের সঙ্গে ড্রয়ের পর রবিবার ওয়েস্ট হ্যামের বিপক্ষেও জিততে পারেনি তারা। ১০ জনের দলটির কাছে ৩-১ গোলে হারের লজ্জা পেয়েছে ব্লুরা।
গত মৌসুমে কাড়ি কাড়ি টাকা খরচ করে খেলোয়াড় কিনেও দুর্দশার শিকার হয়েছিল চেলসি। ১২তম স্থানে থেকে লিগ শেষ করে। এবার নতুন চেলসি কোচ মাউরিসিও পচেত্তিনোকে এনে ভালো কিছুর আশা করেছিলেন ক্লাব মালিক ও ভক্তরা। কিন্তু আর্জেন্টাইন কোচের অধীনে প্রথম জয়ের জন্য অপেক্ষা অন্তত আরও পাঁচ দিন বাড়লো।
নায়েফ আগুয়ের্ডের হেড, বিরতির পর মিখাইল আন্তোনিওর গোল ও শেষ দিকে লুকাস পাকেতার পেনাল্টিতে ওয়েস্ট হ্যাম জয় নিশ্চিত করে। অথচ শেষ ২৩ মিনিট তারা খেলেছে ১০ জন নিয়ে। ৬৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন আগুয়ের্ড।
সাউদাম্পটন থেকে এই মাসে যোগ দেওয়া জেমস ওয়ার্ড-প্রাউসের অ্যাসিস্টে ওয়েস্ট হ্যামের প্রথম দুটি গোল হয়। ২৮তম মিনিটে কার্নি চাকুয়েমেকার গোলে সমতা ফেরায় চেলসি। তবে নিজেদের দোষেই হেরে যায় তারা। বল দখলে আধিপত্য দেখালেও সুযোগ নষ্ট করেছে, এমনকি এঞ্জো ফের্নান্দেজের পেনাল্টিও গোলকিপারের বাধায় লক্ষ্যে যায়নি।
প্রথম দুটি ম্যাচ থেকে ওয়েস্ট হ্যামের অর্জন চার পয়েন্ট। মাত্র এক পয়েন্ট নিয়ে শুক্রবার লুটন টাউনের মাঠে খেলবে চেলসি।