এখনও অবসর নিয়ে কিছু ভাবছি না: মেসি 

লিওনেল মেসি এখন বলতেই পারেন ক্যারিয়ারের সব চাওয়া পূরণ হয়ে গেছে তার। সেজন্যই কিনা কম চাহিদাসম্পন্ন লিগ বেছে নিয়েছেন ক্যারিয়ারের পড়ন্ত বেলায়। আড়াই বছরের চুক্তিতে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন। হয়তো এখানেই বুটজোড়া তুলে রাখবেন। কিন্তু বিশ্বকাপ জয়ী এই তারকা জানিয়েছেন, চুক্তি পরবর্তী ভবিষ্যৎ নিয়ে এখনও চূড়ান্ত কিছু ভাবেননি তিনি।

অ্যাপল টিভি প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘সত্যি করে যদি বলি আমি এখনও অবসর নিয়ে কিছু ভাবছি না। আমি খেলতে ভালোবাসি, মাঠে বলের সঙ্গে থাকতে, অনুশীলন ও লড়াই করতে উপভোগ করি।’

উপভোগ যে করছেন তার প্রমাণ এরই মধ্যে দিয়েছেন ৭ বারের ব্যালন ডি’অর জয়ী। মায়ামিকে ইতিহাসের প্রথম শিরোপা জিতিয়েছেন ক্লাবটিতে যোগ দিয়েই। কতদিন এভাবে খেলা চালিয়ে যাবেন, সেটা নিয়ে নিশ্চিত নন তিনি। তবে এটা নিশ্চিত করেছেন, যতদিন সামর্থ্য থাকবে তার পুরোটা লুফে নিতে চাইবেন।

তিনি বলে, ‘আমি জানি না এভাবে কতদিন খেলবো। তবে যতদিন পারবো তার সুবিধাটা অবশ্যই নিতে চাইবো। আর সেটা সম্ভব হবে যতদিন সুস্থ থাকবো। তার পর দেখা যাবে। কারণ, পরে এসব নিয়ে বিশ্লেষণ এবং বেছে নেওয়ার সময় পাওয়া যাবে।’

আপাতত উপভোগের মন্ত্রেই চলতে চান এই বিশ্বকাপ জয়ী। তার কথা, ‘এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যতটুকু বাকি আছে উপভোগ করে যাওয়া। সেটা যাই হোক; কম কিংবা বেশি। উপভোগ করতে হবে প্রতিটি মুহূর্ত। কারণ এটা আর কখনও ফিরে আসবে না এবং পরে আমি কোনও কিছু নিয়ে আক্ষেপও করতে চাই না।’ 

মেসি ইউরোপ অধ্যায় শেষ করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোয় অনেকেই অনেক কিছু বলছেন। কিন্তু ৩৬ বছর বয়সী মনে করেন, ইন্টার মায়ামিতে এখন যা কিছু হচ্ছে তাতে তার এই সিদ্ধান্ত নেওয়াটা সঠিক ছিল, ‘সিদ্ধান্তটা পরিবারের কথা মাথায় রেখেই নিয়েছি। তাদের ভালোর কথা ভেবে। আমরা দুটি বছর ভীষণ যন্ত্রণার মধ্যে কাটিয়েছি। তখন সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে। এখন যেরকম উপভোগ করছি, তখন সেটা হচ্ছিল না। কিছু সময় অতিবাহিত হওয়ার পর বলতে পারছি আমাদের এই সিদ্ধান্ত ভুল ছিল না। আমরা ঠিক সিদ্ধান্ত নিয়েছি; যেহেতু বলতে পারছি এটাই আমাদের জন্য সঠিক জায়গা।’