৭ গোলের থ্রিলারে বার্সাকে জেতালেন লেভানডোভস্কি

গোল পাল্টা গোলে জমজমাট হয়ে উঠেছিল ভিয়ারিয়াল ও বার্সেলোনার লড়াই। দুই দল সব মিলিয়ে করলো সাত গোল। পার্থক্য গড়ে দিলেন রবার্ট লেভানডোভস্কি। পোলিশ স্ট্রাইকারের লক্ষ্যভেদে ৪-৩ গোলে ভিয়ারিয়ালকে হারালো বার্সেলোনা।

পঞ্চম মিনিটে সোরলোথের শটে এগিয়ে যায় ভিয়ারিয়াল। কিন্তু ভিএআরে অফসাইডের বাঁশি বাজলে গোলটি বাতিল হয়। এরপরই বার্সা চালকের আসনে বসে তিন মিনিটে দুই গোল করে।

১২ মিনিটে লামিন ইয়ামালের ক্রসে গাভি লাফিয়ে হেড করে গোলমুখ খোলেন। ১৫তম মিনিটে স্কোর ২-০ হয় ফ্রেঙ্কি ডি ইয়াংয়ের কল্যাণে। লেভানডোভস্কি বক্সের মধ্যে বলের দখল হারান, কিন্তু বল পান ডি ইয়াং, লক্ষ্যভেদ করতে সমস্যা হয়নি তার।

ভিয়ারিয়াল পাল্টা জবাব দেয় বিরতিতে যাওয়ার আগে দুই গোল করে। ২৬ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল হেড করে জালে পাঠান হুয়ান ফয়োথ। প্রথমার্ধ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আলফোন্সো পেদ্রাজার পাস ধরে দূরের পোস্ট দিয়ে সমতা ফেরান সোরলোথ।

দ্বিতীয়ার্ধে ফিরে লিড নেয় ভিয়ারিয়াল। পেদ্রাজার বাড়ানো বলে দুর্দান্ত শটে ৩-২ করেন অ্যালেক্স বায়েনা।

এই ধাক্কা বার্সা সামলে নেয় তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে। বেঞ্চ থেকে উঠে এসে ৬৮ মিনিটে গাভির সঙ্গে বল দেওয়া নেওয়া করে সমতা আনেন ফেরান তোরেস। তিন মিনিট পর ইয়ামালের শট পোস্টে লেগে ফিরে এলে লেভানডোভস্কি ফিরতি শটে লক্ষ্যভেদ করেন। 

তিন ম্যাচে এটি বার্সার দ্বিতীয় জয়। জিরোনার সমান সাত পয়েন্ট নিয়ে তারা লা লিগা টেবিলের তিনে। দুই পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে রিয়াল মাদ্রিদ।