ঘরের মাঠে প্রথম মেজর লিগ সকার (এমএলএস) খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। প্রতিপক্ষ ন্যাশভিলে, সপ্তাহখানেক আগে যাদের হারিয়ে ইন্টার মায়ামিকে প্রথম শিরোপা এনে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। লিগস কাপের ফাইনালে এই দলকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফ্লোরিডা ক্লাব। বুধবার রাতে তাদের মুখোমুখি হওয়ার আগে লিগস কাপ ট্রফি নিয়ে দর্শকদের সঙ্গে উদযাপনে মাতেন মেসি-বুশকেটসরা। কিন্তু ম্যাচ শেষে তাদের মুখের হাসি উধাও। মেসি আসার পর প্রথমবার জিততে পারলো না মায়ামি। তাদের গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে ন্যাশভিলে।
মেসি আসার পর থেকে বদলে গেছে মায়ামি। জুলাইয়ে তিনি আসার পর তার জাদুতে ৯ ম্যাচের সবগুলো জেতে ফ্লোরিডা ক্লাব, এই সময়ে ১১ গোল করেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। প্রতি ম্যাচেই জাল কাঁপান তিনি। এবার তাকে গোল করতে দেয়নি ন্যাশভিলে। যদিও ফ্রি কিক থেকে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন এলএমটেন। আগের ম্যাচে বেঞ্চ থেকে উঠে এসে গোল করেছিলেন তিনি। ঘরের মাঠে প্রথম লিগ ম্যাচে খেললেন পুরোটা সময়। তবে এবার তার জাদু বশ করতে পারেনি ন্যাশভিলেকে। নতুন ক্লাবের জার্সিতে প্রথমবার পয়েন্ট হারানোর স্বাদ পেলেন তিনি।
নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে আগের ম্যাচে বদলি নামা মেসি ও তার সাবেক বার্সা সতীর্থ সার্জিও বুশকেটস এদিন শুরুর একাদশে ছিলেন। প্রথম ৬০ মিনিটে মায়ামি লক্ষ্যে কোনও শট রাখতে পারেনি। সপ্তম স্থানে থাকা ন্যাশভিলের রক্ষণ ভাঙতে ভুগেছে তারা।
এক ঘণ্টা পার হওয়ার পর মেসি ফ্রি কিক পান। কিন্তু তার শট বাঁ দিক দিয়ে ঢুকে ন্যাশভিলে গোলকিপার এলিয়ট পানিক্কোর কাছে আটকে যায়। মেসির ফ্রি কিক গোল দেখতে এদিনও গ্যালারি থেকে দর্শকরা তাদের ফোন বের করে ভিডিও রেকর্ড করছিলেন। কিন্তু তাদের হতাশ হতে হয়েছে।
বরং ৬৯ মিনিটে ন্যাশভিলে মায়ামির জাল কাঁপিয়েছিল। তবে হ্যানি মুখতারের ওই গোল বাতিল হয় অফসাইডের কারণে। ৮৩ মিনিটে মেসি আরেকটি ফ্রি কিক পান। কিন্তু ডিফেন্ডারদের দেয়ালে বল লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। যোগ করা সময়ে প্রতিপক্ষের ছয় খেলোয়াড়কে কাটিয়ে বক্সের ডানপ্রান্ত দিয়ে শট নেন তিনি। এবারও এলিয়ট তাকে ব্যর্থ করেন।
এই ড্রয়ে ১০ ম্যাচ হাতে রেখে ২২ পয়েন্ট মায়ামির। শেষ প্লে অফ স্পটে থাকা শিকাগো ফায়ারের চেয়ে ১০ পয়েন্ট পেছনে তারা। আগামী রবিবার ডিফেন্ডিং এমএলএস কাপ চ্যাম্পিয়ন এলএএফসির মুখোমুখি হবে মায়ামি।