কাকতালীয় হলেও আগামীকাল ফুটবল ও ক্রিকেট দুটোতেই বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ফুটবলে প্রীতি ম্যাচ ও ক্রিকেটে এশিয়া কাপে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া দুই ম্যাচেই জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন।
বসুন্ধরা কিংস অ্যারেনাতে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে। এনিয়ে সেখানে সাজসাজ রব। বাংলাদেশ- আফগানিস্তান ম্যাচটি হবে বিকাল ৫টায়। তার আগে সাড়ে তিনটায় লাহোরে খেলা শুরু করবেন সাকিব আল হাসানরা।
আজ শনিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জামাল আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘সাফে আমরা যে পারফরম্যান্স করেছি, সেই লেভেল ধরে রাখার লক্ষ্য আমাদের। যদি সাফের পারফরম্যান্স ধরে রাখতে পারি, তাহলে আগামীকাল আমরা ভালো একটা ম্যাচ খেলবো। আশা করি আমরা জিতবো।’
তিনি আরও বলেন, ‘সব মিলিয়ে লম্বা সময় পর আমরা ঢাকায় খেলছি। মনে করতে পারছি না, সবশেষ কবে ঢাকায় খেলেছি। তো আবারও ঢাকায় খেলতে পেরে আমি খুশি।’
দলে নতুন খেলোয়াড় রয়েছেন। সবাই মানিয়ে নেবেন মনে করেন জামাল, ‘আমি দেরিতে যোগ দিয়েছি, আর্জেন্টিনায় খেলা ছিল। যখন যোগ দিয়েছি আমি দেখেছি সব ঠিক আছে, সবাই প্রস্তুত, নিজেদের করণীয় সবাই জানে। অবশ্যই এখানে অনেক নতুন খেলোয়াড় এসেছে, তাদের মানিয়ে নিতে হবে।’
কোচ হাভিয়ের কাবরেরাও বলেছেন, ‘এটা বাছাইয়ের প্রস্তুতি ম্যাচ, কিন্তু তিন পয়েন্ট পেলে আমরা র্যাঙ্কিংয়ে এগোতে পারি।’
প্রতিপক্ষ সম্পর্কে বেশ ভালোই জানা জামালের, ‘আফগানিস্তানের অধিকাংশ খেলোয়াড় ইউরোপে খেলে। কিছু খেলোয়াড় ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে খেলে। আমি মনে করি তাদের দলটা শক্তিশালী। এটা আমাদের জন্য ভালো। আমাদের পরের ম্যাচ যেহেতু মালদ্বীপের সঙ্গে, সেহেতু তার আগে আমাদের শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলা প্রয়োজন।’
যদিও আগের ৮ বারের মুখোমুখিতে বাংলাদেশের জয় নেই। আফগানরা দুটিতে জিতেছে, বাকি ৬ টি ড্র হয়েছে। তবে এবার নিজেদের মাঠে জিততে চাইছেন জামাল, ‘একই দিনে বাংলাদেশ-আফগানিস্তান ক্রিকেট ম্যাচ। ক্রিকেট দলের জন্য শুভকামনা। আশা করি তারা জিতবে। অবশ্যই আমি আশা করি, বাংলাদেশ জিতবে। একই সাথে আশা করি, যারা ক্রীড়াপ্রেমী আছে, তারা আমার ফুটবল ম্যাচ দেখবে।’
তিনি বলেছেন, ‘যদি দুই ম্যাচেই বাংলাদেশ জেতে, তাহলে বাংলাদেশের জন্য ভালো দিন হবে। তাহলে মানুষ মনে রাখবে ক্রিকেট দল জিতেছে, ফুটবল দলও জিতেছে। কিন্তু দিন শেষে ব্যাপারগুলো জয়ের সঙ্গে সম্পর্কিত… আমি আশা করি, দুটি জায়গাতেই বাংলাদেশ জিতবে।’
বাংলাদেশের কোচ কাবরেরা বললেন, দলের অবস্থান আগের চেয়ে ভালো। তার মতে, ‘খেলোয়াড়দের মানসিকতা এখন খুবই উঁচুতে। ট্রেনিং নিয়ে আমরা খুবই ইতিবাচক এবং আমাদের সামনে দারুণ চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সাফে আমরা যে পারফর্ম করেছি, সেটার ধারাবাহিকতা দেখানোর জন্য উন্মুখ হয়ে আছি।’
স্প্যানিশ কোচ বলেন, ‘অবশ্যই আমাদের লক্ষ্যও বিশ্বকাপ বাছাই। আমরা জয়ের জন্যই খেলতে নামি।’ এরপরই যোগ করলেন, ‘কিন্তু আমাদের মূল প্রাধান্য হচ্ছে, শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলে প্রস্তুতি নিয়ে বাছাইয়ে মালদ্বীপ ম্যাচে নামা। ওদের কোচ আব্দুল্লাহ দক্ষিণ এশিয়ার ফুটবল সম্পর্কে জানে। নেপালের দায়িত্বে ছিল, আমি মনে করি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। আসলে আমরা এগিয়ে যেতে চাই, ফিফা র্যাঙ্কিংয়ে আরও উঁচুতে উঠতে চাই।’