১৫ কোটি পাউন্ড দিতে চেয়েছে আল ইত্তিহাদ। কিন্তু লিভারপুল মোহাম্মদ সালাহকে বিক্রি করতে নারাজ। মিশরীয় ফরোয়ার্ডও বুঝিয়ে দিচ্ছেন, সুখেই আছেন তিনি। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় গোলি করলেন সালাহ। অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে সহজে হারালো অলরেডরা।
লিভারপুলের হয়ে ৫৫ মিনিটে ১৮৮তম গোল করেন সালাহ। অ্যাস্টন ভিলার বিপক্ষে সাত ম্যাচ খেলে সপ্তমবার জাল কাঁপান তিনি।
অ্যানফিল্ডে সালাহ গোল করার আগেই ২-০ তে এগিয়ে ছিল লিভারপুল। ৩ মিনিটে ডমিনিক সোবোসলাই গোলমুখ খোলেন। কর্নারে আসা বল পেনাল্টি এরিয়ার বাইরে থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি। চতুর্থ হাঙ্গেরিয়ান হিসেবে প্রিমিয়ার লিগে গোল করেন সোবোসলাই।
২২ মিনিটে ডারউইন নুনেজের শট পোস্টে লেগে ফিরে এলে প্রতিপক্ষ ডিফেন্ডার ম্যাটি ক্যাশ আত্মঘাতী গোল করেন।
এনিয়ে ভিলার বিপক্ষে শেষ ১২ ম্যাচে ১০ জয় পেলো ইয়ুর্গেন ক্লপের দল। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিনে লিভারপুল।