এএফসি অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপে ‘এইচ’ গ্রুপের প্রথম ম্যাচে ভালোই লড়াই করছিল বাংলাদেশ। কিন্তু শেষ আট মিনিটে খেই হারায় তারা। মালয়েশিয়ার কাছে ২-০ গোলে হারায় টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি তাদের।
বুধবার থাইল্যান্ডের চনবুরি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে বাংলাদেশ ভালো খেলার চেষ্টা করেছে। কিন্তু মালয়েশিয়া আধিপত্য বিস্তার করেছে সহজেই। তবে তাদের গোল পেতে সময় লেগেছে। ম্যাচের ৮২ মিনিটে মালয়েশিয়া এগিয়ে যায়। বক্সের বাইরে থেকে আলিফ ইজওয়ানের জোরালো শট জড়ায় জালে।
দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণও করে মালয়েশিয়া। ফার্গুস বক্সে ঢুকে এক ডিফেন্ডারের বাধা পেরিয়ে কিছুটা কোনাকুনি শটে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন। গ্রুপে দ্বিতীয় ম্যাচে ৯ সেপ্টেম্বর স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ।