এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে হেরেছিল বাংলাদেশ। আজ শনিবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি জুলফিকার মাহমুদ মিন্টুর দল। থাইল্যান্ডের কাছে হেরে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। স্বাগতিকদের কাছে বাংলাদেশ হেরেছে ৩-০ গোলে।
চনবুরিতে ম্যাচের শুরু থেকে বাংলাদেশকে চেপে ধরে থাইল্যান্ড। একের পর এক আক্রমণে লাল সবুজ দলের রক্ষণকে ব্যতিব্যস্ত রাখে। প্রথমার্ধে থাইরা ২-০ গোলে এগিয়ে যায়। যদিও বাংলাদেশ দলের গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ বেশ কয়েকটি গোলের সুযোগ নস্যাৎ করে দেন। ৪৩ মিনিট পর্যন্ত নিজেদের জাল অক্ষত থাকলেও পরের মিনিট থেকে আর সম্ভব হয়নি।
৪৪ মিনিটে থাইল্যান্ড এগিয়ে যায়। পুরাচেট থতসানিড বক্সের প্রান্ত থেকে জোরালো শটে জাল কাঁপান। ৪৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। বক্সের বাইরে থেকে পুরাচেটের শক্তিশালী শট বারের নিচে লেগে গোল হয়। ৮৫ মিনিটে তৃতীয় গোল হয়।
বাংলাদেশ মাঝে মধ্যে প্রতিআক্রমণে গেলেও গোল শোধ দিতে পারেনি। বিশেষ করে ৩৯ মিনিটে অপির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তারা ‘এইচ’ গ্রুপে শেষ ম্যাচ খেলবে ফিলিপাইনের বিপক্ষে।