শেষ মুহূর্তে গোল করে খুশি সাদ উদ্দিন

সাদ উদ্দিন মাঠে নামলেন শেষ মুহূর্তে। হার এড়াতে বাংলাদেশ তখন লড়ছিল। সুযোগটা এসেই গেলো। যোগ করা সময়ে রাকিবের ক্রসে সাদ গোলকিপারের পায়ের ফাঁক দিয়ে দারুণ এক গোলে বাংলাদেশকে সমতা এনে দিলেন। মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে লাল সবুজ দল। ২০১৯ সালের পর আবারও লাল সবুজ দলের হয়ে গোল করে খুশি সিলেট থেকে উঠে আসা ফুটবলার।

ম্যাচ শেষে  রাতে হোটেল থেকে বাফুফের মাধ্যমে উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন, 'গোল করার পর মাথায় কিছুই আসেনি। শুধু মনে হয়েছে, আমাদের গোলটা করার দরকার ছিল, গোলটা করতে পেরেছি। একটা পয়েন্ট পেয়েছি, অনেক খুশি। শেষ মুহূর্তে গোল করে অনেক খুশি, তা কেবল নিজের জন্য নয়, দেশের জন্যও।'IMG-20231012-WA0042

ড্র ম্যাচের পর উদযাপন নিয়ে এই ডিফেন্ডার বলেছেন, 'ক্রেজিয়েস্ট সেলিব্রেশন, দেখে মনে হয় ম্যাচটা আমরা জিতে গেছি। আসলে সবাই চেষ্টা করছিল গোল করার জন্য, কিন্তু গোল পাচ্ছিল না। শেষ মুহূর্তে গোল পেয়েছি... এর অনুভূতি ব্যাখ্যা করতে পারবো না। ভিন্ন এক অনুভূতি।'

গোলের আগে সাদ উদ্দিন চিন্তা করছিলেন সুযোগ পেলে গোল করবেন। বললেন, 'আমি তো তখন রাইট-ব্যাক পজিশনে ছিলাম, রক্ষণ নিয়ে ভাবছিলাম। তখন আমরা এক গোলে পিছিয়ে ছিলাম, ভাবছিলাম আক্রমণে উঠবো, গোল করতে পারলে দলকে রক্ষা করতে পারবো। সেটাই হয়েছে। তাই আমি খুবই খুশি। সবাই খুশি।'