সেভিয়াকে হারিয়ে বার্সার প্রতিশোধ

সেভিয়া বিপক্ষেই সর্বশেষ হারের মুখ দেখেছিলেন মেসি-নেইমার-সুয়ারেজের বার্সেলোনা। সেটি গত ৩ অক্টোবর। যাতে সেভিয়ার মাঠ থেকে ২-১ ব্যবধানে হেরে ফিরেছিল লুইস এনরিকের শিষ্যরা। এরপর চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকল বার্সেলোনা। 

31A8B35800000578-0-image-a-27_1456693537048যার সর্বশেষ জয়টি মিলল সেই সেভিয়ার বিপক্ষেই লিগের ফিরতি লেগের ম্যাচে। কাতালানদের জন্য এক অর্থে তাই প্রতিশোধের এই ম্যাচে রবিবার রাতে ২-১ ব্যবধানে জিতে লা লিগায় শীর্ষস্থান সুসংহত করেছে বার্সেলোনা।

খেলার ২০ মিনিটে প্রথমে এগিয়ে যায় সেভিয়া। অফ সাইডের ফাঁদ কেটে সুযোগ তৈরি করেন মাইকেল ক্রন-ডেহলি। তিনি বল বাড়ান ফরাসি ডিফেন্ডার বেনোইতকে। তিনি খুঁজে পান ভিতোলোকে। কোনাকুনি শটে ক্লাওদিও ব্রাভোকে পরাস্ত করতে কোনও সমস্যা হয়নি এই স্প্যানিশ ফরোয়ার্ডের। 

সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি বার্সেলোনা। আদিল রামি ডি বক্সের ঠিক বাইরে সুয়ারেজকে ফাউল করলে ফ্রি-কিক পায় স্বাগতিকরা। ৩১তম মিনিটে বাঁ পায়ের চমৎকার ফ্রি-কিকে দলকে সমতায় ফেরান মেসি। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় বার্সেলোনা। মেসি-সুয়ারেজের চমৎকার বোঝাপড়ার ফসল ৪৭তম মিনিটের এই গোল। দুই ডিফেন্ডারের মধ্যে দিয়ে মেসির বাড়ানো বল ধরে চোখের পলকে সুয়ারেজ সামনে বাড়ান। আলতো টোকায় ওই বল জালে জড়াতে ভুল করেননি পিকে।

এই জয়ে বার্সেলোনার পয়েন্ট বেড়ে হলো ২৬ ম্যাচে ৬৬ । সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আগের দিন তাদের কাছে হারা রিয়াল মাদ্রিদ ৫৪ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

/এমআর/