শারীরিক শক্তিনির্ভর ফুটবল খেলার জন্য পরিচিত উরুগুয়ে। আর্জেন্টিনার মাঠেও একই মানসিকতা নিয়ে খেলেছে তারা। স্বাভাবিকভাবে হয়েছে হাতাহাতি, ধাক্কাধাক্কি। রাগ দমিয়ে রাখতে পারেননি লিওনেল মেসিও। প্রতিপক্ষ খেলোয়াড়ের টুটি চেপে ধরতে দেখা গেছে তাকে। তবে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে আর্জেন্টাইন রদ্রিগো ডি পলের দিকে উরুগুয়ান মানুয়েল উগার্তের অশালীন অঙ্গভঙ্গি। বিষয়টি নিয়ে বেশ চটেছেন মেসি। ম্যাচ শেষে আর্জেন্টিনার অধিনায়ক বড়দের কাছ থেকে উরুগুয়ের তরুণ খেলোয়াড়দের সম্মান করা শিখতে বলেছেন।
শুক্রবার লা বোম্বোনেরায় ২-০ গোলে বিশ্বকাপ বাছাইয়ে হেরে গেছে আর্জেন্টিনা। টানা ১৪ ম্যাচ জয়ের পর পরাজয়ের স্বাদ পেয়েছে তারা। পুরো ম্যাচে ৩৩টি ফাউল হয়, যার মধ্যে ২২টিই করেছে উরুগুয়ে। হারের পর মেসি তাদের মারমুখী আচরণ নিয়ে কোনও আপত্তি না জানালেও উগার্তের অঙ্গভঙ্গিতে বিরক্ত।
আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে মেসি বলেছেন, ‘এটা (আক্রমণাত্মক পরিবেশ) স্বাভাবিক। এটা বাছাইপর্বের ম্যাচের অংশ। উরুগুয়ের বিপক্ষে সবসময়ই এরকম কিছু হয়। আমি কী ভাবছি সেটা বলতে চাইছি না।’
রদ্রিগোর দিকে উগার্তের অঙ্গভঙ্গির কথা উল্লেখ করে দলটির তরুণ ফুটবলারদের উদ্দেশ্যে মেসি বলেছেন, 'সম্মান কীভাবে করতে হয় সেটা বড়দের কাছ থেকে (উরুগুয়ের) তরুণদের শিখতে হবে। এই লড়াইটা সবসময়ই তীব্র ও আক্রমণাত্মক হয়ে থাকে, কিন্তু সবসময়ই হয় শ্রদ্ধার সঙ্গে। ওদের (তরুণদের) আরও একটু শিখতে হবে।'
দক্ষিণ আমেরিকান অঞ্চলের চলতি বাছাইয়ে পাঁচ ম্যাচে প্রথমবার হারলেও আর্জেন্টিনা ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে।