‘আগের চেয়ে বাংলাদেশ দল অনেক ভারসাম্যপূর্ণ’

৬ বছর আগে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দল হেরেছিল। সেই দলটি ছিল অনেকটা অপরিণত। এবার সেই মনিকা-সানজিদারা পরিণত। আগের চেয়ে অনেক অভিজ্ঞ। পরিণত এক দল নিয়েই তারা সিঙ্গাপুরের মুখোমুখি হতে যাচ্ছে। তাই স্বাগতিক দলের অধিনায়ক সাবিনা খাতুন আগের চেয়ে আত্মবিশ্বাসী। 

নিজেদের দলকে ভারসাম্যপূর্ণ মনে করেই লড়াইয়ের অপেক্ষায় আছেন সাবিনা। আজ বুধবার রাতে সিঙ্গাপুর দল ঢাকায় আসছে। ১ ও ৪ ডিসেম্বর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ হবে। তার আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা নিজেদের উন্নতির কথা তুলে ধরে বলেছেন, ‘অনেক বছর পর ওদের বিপক্ষে খেলতে যাচ্ছি, আগের চেয়ে আমাদের বর্তমান দল অবশ্যই অনেক ভারসাম্যপূর্ণ। টেকনিক্যাল, ট্যাকটিক্যাল, ফিজিক্যাল সবদিকে উন্নতি হয়েছে। আশা করি দর্শকেরা মাঠে আসবে, দুটি চ্যালেঞ্জিং ম্যাচ দেখবে। আমরা গোল করলে দর্শকরাই যেন সবচেয়ে বেশি খুশি হন। দেশের ফুটবলের মান ও উন্নতির ধারাবাহিকতা যেন রাখতে পারি। দেশের মাটিতে খেলা, অবশ্যই লক্ষ্য থাকবে জয়ের।’

সিঙ্গাপুরের বিপক্ষে ভালো ম্যাচ উপহার দেওয়ার অপেক্ষায় সাবিনা ও তার দল। অধিনায়ক নিজেই বলেছেন, ‘আমি মনে করি সিঙ্গাপুরের বিপক্ষে ভালো ম্যাচ হবে। টিমের সবাই ভালো… কিন্তু আমি মনে করি, মারিয়া ও মনিকা যদি খেলা ধরতে পারে, তাহলে ফল বের করে আনার জন্য সবচেয়ে ইতিবাচক দিক। দুজনের প্রতি আমাদের সবসময় বাড়তি আত্মবিশ্বাস থাকে, মাসুরা এখন অনেক সিনিয়র, অনেক দায়িত্ব নিয়ে খেলে। এখন আমাদের কেউ পজিশন ধরে খেলে না, যে কেউ যে কোনও পজিশনে খেলতে পারে।’

সাবিনার পাশে বসে সহঅধিনায়ক মারিয়া মান্ডা বলেছেন, ‘দেশের মাটিতে খেলার সুযোগ পেয়েছি, সিঙ্গাপুরের বিপক্ষে আমরা সর্বোচ্চটুকু দিয়ে খেলবো। এতদিন যে প্রস্তুতি নিয়েছি, সেটা আমরা ম্যাচ খেলে বুঝতে পারবো। কোথায় উন্নতি করতে হবে, সেটা ম্যাচে দেখে নিতে পারবো। সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচে ভালো খেলার, জেতার চেষ্টা করবো।’