এফএ কাপ থেকে আর্সেনালকে বিদায় করলো লিভারপুল

নতুন বছরেও আর্সেনালের দুর্দশা কাটলো না। সবশেষ এফএ কাপের তৃতীয় রাউন্ডে তারা হেরে গেলো। রবিবার ২-০ গোলে জিতে গানারদের বিদায় নিশ্চিত করেছে লিভারপুল।

প্রথমার্ধে কয়েকটি সুযোগ নষ্ট করে আর্সেনাল। তার মাশুল দিতে হয়েছে হেরে গিয়ে। কাই হ্যাভার্জ ভালো দুটি সুযোগ কাজে লাগাতে পারেননি। লিভারপুল অধিনায়ক ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড পরে ক্রসবারে আঘাত করেন। তারই ৮০তম মিনিটের ফ্রি কিক প্রতিপক্ষ দলের জাকুব কিউইওরের গায়ে লেগে জালে জড়ায়।

আত্মঘাতী গোলে এগিয়ে যায় লিভারপুল। তারপর লুইস দিয়াজ স্টপেজ টাইমে গোল করে আটবারের চ্যাম্পিয়নদের চতুর্থ রাউন্ডে তোলেন।

এনিয়ে আর্সেনাল সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচ হেরে গেলো।