স্পেন, ব্রাজিলের বর্ণবাদ সচেতনতার ম্যাচ ২৬ মার্চ

মহৎ উদ্দেশ্যে রিয়াল মাদ্রিদের বার্নাব্যু স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ আয়োজন করবে স্পেন। বর্ণবাদ সচেতনতার জন্য দুই দল একটি প্রীতি ম্যাচ খেলবে। ২৬ মার্চ মুখোমুখি হচ্ছে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন।

স্পেনে প্রতিপক্ষ দলের সমর্থকদের কাছে অনবরত বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছেন রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। দুই দেশের ফুটবল ফেডারেশন একসঙ্গে বর্ণবাদের বিরুদ্ধে কাজ করার ব্যাপারে অঙ্গীকার করেছে।

গত মৌসুমে মেস্তায়াতে ভ্যালেন্সিয়া ও রিয়ালের ম্যাচ চলাকালে ভিনিসিয়ুস বর্ণবাদী মন্তব্যের শিকার হলে খেলা কিছুক্ষণ বন্ধ রাখা হয়। খেলা শেষে তারকা ফরোয়ার্ড সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘লা লিগায় বর্ণবাদ স্বাভাবিক। ব্রাজিলে স্পেন বর্ণবাদের দেশ হিসেবে পরিচিত।’

ব্রাজিলের ফুটবল কনফেডারেশন এবং দেশটির সরকার ভিনিসিয়ুসের সঙ্গে বর্ণবাদী আচরণের কারণে স্প্যানিশ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার আহ্বান করেন। সঙ্গে সঙ্গে এনিয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে লা লিগা। অক্টোবরে তারা বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক পোস্ট পর্যবেক্ষণে একটি পদ্ধতি চালু করেছিল।

এই ম্যাচটি দিয়ে স্পেন ২০২৪ সালে প্রথমবার মাঠে নামতে যাচ্ছে। আর ব্রাজিল নতুন কোচ দরিভাল জুনিয়রের অধীনে দ্বিতীয় ম্যাচ খেলবে।

স্পেন সবশেষ ব্রাজিলের বিপক্ষে খেলেছিল ২০১৩ সালের কনফেডারেশন্স কাপে এবং সামনে তারা দশমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে।