জামালদের ক্যাম্প আবারও দেশের বাইরে করতে চান কাবরেরা

সাফ চ্যাম্পিয়নশিপের আগে গত বছরের মার্চে সৌদি আরবে প্রায় তিন সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করেছিল জামাল ভূঁইয়ারা। দেশের বাইরে করা নিবিড় অনুশীলনের ফল সাফ চ্যাম্পিয়নশিপে এসেছিল। ২০০৯ সালের পর প্রথমবার সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। আরেক মার্চে বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে দুইটি ম্যাচ খেলবে জামালরা। তার আগে আবারও দেশের বাইরে ক্যাম্প করার ইচ্ছার কথা জানালেন বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা। 

ছুটি কাটিয়ে শুক্রবার ঢাকায় এসে কাজে নেমে পড়েছেন স্প্যানিশ কোচ। আজ রবিবার বাফুফে ভবনে সংবাদমাধ্যমের কাছে পরিকল্পনা জানাতে গিয়ে কাবরেরা বলেছেন, ‘ক্যাম্পের পরিকল্পনা এখনও নিশ্চিত নয়। কিন্তু আমার পরিকল্পনা গত বছরের মতো এবারও দেশের বাইরে (ক্যাম্প) করা। কারণ সৌদিতে করা ক্যাম্প সব কিছু বদলে দিয়েছিল। আমি জানি, ফেডারেশন এ ব্যাপারে সেরাটা চেষ্টা করবে। আশা করি দেশের বাইরে ক্যাম্প করতে পারবো।’

ফেব্রুয়ারিতে শেষ হবে প্রিমিয়ার লিগের প্রথম পর্ব। এরপরই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। ২১ ও ২৬ মার্চ ঘরে-বাইরে ফিলিস্তিনের সঙ্গে হবে ম্যাচ। 

এ বছরটা বাংলাদেশের জন্য আরও চ্যালেঞ্জিং বলছেন কাবরেরা, ‘গত বছর থেকে আমাদের প্রত্যাশা বেড়ে গেছে। এই দল নিয়ে সমর্থকরা গর্ব অনুভব করেছে। অবশ্যই এ বছর আরও চ্যালেঞ্জিং আমাদের জন্য। কারণ প্রতিপক্ষ আরও কঠিন। ফিলিস্তিন, লেবানন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হবে। কিন্তু বিশ্বাস আছে, আমরা আগেই হাল ছাড়বো না। বড় কিছু করার ব্যাপারে আমরা আশাবাদী।'