আল নাসরের হয়ে চীনে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল ক্রিস্তিয়ানো রোনালদোর। কিন্তু পর্তুগিজ ফরোয়ার্ড ইনজুরিতে পড়ায় ওই ম্যাচ দুটি স্থগিত করা হয়েছে। অথচ সামনেই লিওনেল মেসির ইন্টার মায়ামির সঙ্গে তার বহু আকাঙ্ক্ষিত দ্বৈরথ। এখন ইনজুরির ঘটনায় ওই ম্যাচে রোনালদোর অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
জানুয়ারির ২৪ তারিখ চীনের শাংহাই শেনহুয়ার বিপক্ষে আল নাসরের খেলার কথা ছিল। চার দিন পর প্রতিপক্ষ ছিল ঝেজিয়াং। ওই ম্যাচ আপাতত স্থগিত করা হয়েছে। আল নাসর বিবৃতিতে জানিয়েছে, ‘শেনঝেনে পরিকল্পনা মতো আমাদের ট্রেনিং ক্যাম্পটা শেষ করার ইচ্ছা। কারণ এই শহর আমাদের উষ্ণ অভ্যর্থনা এবং অধিনায়কের প্রতি অনেক ভালোবাসা প্রদর্শন করেছে। পাশাপাশি যত দ্রুত সম্ভব ম্যাচের নতুন সূচি নির্ধারণের ব্যাপারে আমরা আয়োজকদের সঙ্গে একমত হয়েছি।’
চোটের কারণে ম্যাচ স্থগিত হওয়ায় ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন ৩৮ বছর বয়সী রোনালদো। তিনি বলেছেন, ‘আমি ২২ বছর ধরে খেলছি। আমি এমন এক খেলোয়াড় যার খুব বেশি চোট নেই। কিন্তু এই পরিস্থিতিতে ভীষণ মন খারাপ আমার। আল নাসর ও আমি চীনের এই সফরটা উপভোগ করতে এসেছিলাম। আমরা ম্যাচ বাতিল করিনি, শুধু একটু পিছিয়েছি। আমরা আবার আসবো... দুর্ভাগ্যজনকভাবে আমি কিছু সমস্যায় পড়েছি। তবে এটাই আমার ও ফুটবলের অবিচ্ছেদ্য অংশ।’
চীনের ম্যাচ স্থগিত হওয়ায় আল নাসর এখন মুখোমুখি হবে মেসি ও ইন্টার মায়ামির। ১ ফেব্রুয়ারি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে তারা। দুই দল তার পর নেইমারের আল হিলালের বিপক্ষেও ম্যাচ খেলবে।