প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে মাসসেরা রেফারি আলমগীর

ভারতের বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপে রেফারিং করে প্রশংসিত হয়েছেন বাংলাদেশের ফিফা রেফারি আলমগীর সরকার। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে প্রথমবারের মতো মাসসেরা রেফারির পুরস্কার উঠেছে তার হাতে। এর জন্য ক্রেস্টসহ ৫০ হাজার টাকাও দেওয়া হয়েছে। 

লিগ শুরুর আগে ঘোষণা দেওয়া হয়েছিল ম্যাচসেরা ফুটবলার, রেফারি ও দর্শকদের পুরস্কার দেওয়া হবে। রেফারিদের মাসসেরার পাশাপাশি বর্ষসেরার পুরস্কার দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। 

তারই ধারাবাহিকতায় আজ শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠে ডিসেম্বর মাসের সেরা রেফারি হয়েছেন আলমগীর। তার হাতে পুরস্কার তুলে দেন লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহ সভাপতি ইমরুল হাসান। 

এই প্রসঙ্গে ইমরুল সংবাদমাধ্যমকে বলেছেন, 'প্রথমবারের মতো আমরা রেফারিদের পুরস্কার দিচ্ছি। এর আগে এমনটা হয়নি। এতে করে রেফারিরা আরও ভালো রেফারিং করার জন্য উৎসাহিত হবেন। রেফারিজ কমিটির মাধ্যমে সেরা রেফারির পুরস্কার দেওয়া হচ্ছে। তারাই ঠিক করছে কে সেরা হবেন।'

পুরস্কার পেয়ে গর্বিত আলমগীর, ‘প্রথম রেফারি হিসেবে পুরস্কৃত হওয়া দারুণ ব্যাপার। এটা আমাকে ভবিষ্যতে আরও ভালো করতে উৎসাহিত করবে। আমি যখন মাঠে ঢুকি, আমি কেবল আমার দায়িত্ব নিয়ে চিন্তা করি এবং চেষ্টা করি যেন ভালোভাবে পারফর্ম করতে পারি। আমার নিজেকে রাজার মতো মনে হয়।’