গোলমুখের সামনে বেশ প্রাণবন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমণভাগ। তারুণ্যে অনুপ্রাণিত দলটি রবিবার ঘরের মাঠে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছে। আলেহান্দ্রো গারনাচো করেছেন জোড়া গোল, ২১তম জন্মদিনে জালের দেখা পেয়েছেন রাসমুস হয়লন।
ওল্ড ট্র্যাফোর্ডে এই জয়ে প্রিমিয়ার লিগের ষষ্ঠ স্থানে উঠে গেলো ম্যানইউ। ২৩ ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট এরিক টেন হ্যাগের দলের। চতুর্থ স্থান থেকে আট পয়েন্ট পেছনে তারা। ৩৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ওয়েস্ট হ্যাম।
বৃহস্পতিবার উলভারহ্যাম্পটনকে ৪-৩ গোলে হারিয়েছিল ম্যানইউ। তার আগে এফএ কাপ চতুর্থ রাউন্ডে নিউপোর্ট কাউন্টিকে ৪-২ গোলে হারায় তারা। এনিয়ে শেষ তিন ম্যাচে ১১ গোল করলো রেড ডেভিলরা। অথচ আগের ১০ ম্যাচে ছিল মাত্র ১০ গোল।
ওয়েস্ট হ্যাম বাতাসে ভেসে আসা বল ক্লিয়ার করতে ব্যর্থ হয়। কাসেমিরো বল নিয়ন্ত্রণে নিয়ে হয়লনকে দেন। ডেনমার্ক ফরোয়ার্ড কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের সেন্টার থেকে জাল কাঁপান।
২১তম জন্মদিনে গোল করে হয়লন বলেন, ‘এটা ছিল খুব ভালো। জন্মদিনে খেলা সবসময় বিশেষ। কিন্তু আজ জিতলাম, আনন্দ আরও বেশি।’
গত ২৬ ডিসেম্বরে প্রথম লিগ গোল করা হয়লন ইউনাইটেডের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে টানা চার লিগ ম্যাচে গোল করলেন।
৪৯তম মিনিটে বক্সের কোণা থেকে গারনাচোর শট প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে বদলি গোলকিপার লুকাস ফ্যাবিয়ানস্কিকে ভুল দিকে পাঠিয়ে জালে জড়ায়। ৮৪তম মিনিটে ক্যালভিন ফিলিপস বলের দখল হারালে স্কট ম্যাকটমিনের অ্যাসিস্টে দ্বিতীয় গোল করেন ১৯ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড।
ম্যানইউ দুয়েকটি গোল খেলেও খেতে পারতো। কিন্তু গোলকিপার আন্দ্রে ওনানা দারুণ কয়েকটি সেভে বড় ব্যবধানে জয়ে ভূমিকা রাখেন।