হংকংয়ে মেসি না খেলায় আর্জেন্টিনার বিরুদ্ধে ব্যবস্থা নিলো চীন!

গত রবিবার হংকংয়ে হাজার হাজার দর্শকের হৃদয় ভেঙে দেয় ইন্টার মায়ামি। হংকং একাদশের বিপক্ষে তাদের প্রদর্শনীমূলক ম্যাচটি দেখতে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়, শুধু লিওনেল মেসির পায়ে জাদু দেখবেন বলে। কিন্তু আর্জেন্টাইন ফরোয়ার্ডকে মাঠেই নামায়নি এমএলএস ক্লাব। ক্ষোভ উগরে দেয় হংকংয়ের আপামর ফুটবলপ্রেমীরা। নিজ অঙ্গীভূত অঞ্চলের সর্বসাধারণকে এভাবে বিব্রতকর হতে দেখে এবার ব্যবস্থা নিয়েছে চীনের মূল ভূখণ্ড। মার্চে দেশটিতে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা আর্জেন্টিনার। শুক্রবার প্রথম ম্যাচটি বাতিল করে দিয়েছে চীন। পরের দিন দ্বিতীয় ম্যাচও বাতিলের ঘোষণা আসে।

আগামী ১৮-২৬ মার্চ আন্তর্জাতিক বিরতিতে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চীনে সফর করার কথা। হাংঝুতে নাইজেরিয়া ও বেইজিংয়ে প্রতিপক্ষ আইভরি কোস্ট। কাকতালীয়ভাবে এই দুটি দলই আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে উঠেছে।

সম্প্রতি মেসি তার ক্লাব মায়ামির সঙ্গে হংকংয়ে গিয়েছিলেন। কিন্তু তাকে পুরোটা সময় বেঞ্চে বসে থাকতে দেখা গেছে। পরে জানানো হয়, পায়ের চোটে ভুগছিলেন বলেই ঝুঁকি নিতে চাননি মেডিক্যাল স্টাফরা।

তবে এই ব্যাখ্যা হংকংয়ের কাছে মনঃপুত হয়নি। কারণ তিন দিন যেতেই ভিসেল কোবের বিপক্ষে টোকিওতে ৩০ মিনিট খেলেন মেসি।

শুক্রবার হাংঝুর স্পোর্টস ব্যুরো আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচ বাতিল করে বিবৃতি দিয়েছে, ‘কারণগুলো সবার জানা। আমরা পর্যবেক্ষণকারী কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরেছি যে এই ম্যাচ এগিয়ে নেওয়ার মতো পরিস্থিতি নেই। তাই এটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, ম্যাচ বাতিল সম্পর্কে তারা অবগত এবং তারা ভেন্যু খুঁজছে। তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এটা একটি স্পর্শকাতর বিষয়।’

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বেইজিং ফুটবল অ্যাসোসিয়েশনও আইভরি কোস্ট ও আর্জেন্টিনার ম্যাচ বাতিল করে, ‘লিওনেল মেসির অংশ নিতে যাওয়া ম্যাচটি আয়োজনের পরিকল্পনা নেই বেইজিংয়ের।’