ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিংয়ের কাছে হারের পর কিছুটা চাপে ছিল বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তবে আজ শনিবার প্রিমিয়ার লিগে সপ্তম ম্যাচ খেলতে এসে আবারও সমহিমায় ফিরেছে অস্কার ব্রুজনের দল। প্রথমার্ধের ২৮ মিনিটেই তিন গোল দিয়ে পুলিশ এফসিকে পরাস্ত করেছে কিংস।
শনিবার ময়মনসিংহের রফিক উদ্দিন স্টেডিয়াম প্রথমার্ধে কিংস একচেটিয়া খেলেছে। ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েলতন কার্ড সমস্যার কারণে খেলতে পারেননি। তবে তাতে কোনও প্রভাব পড়েনি ম্যাচে। ২২ মিনিটের ব্যবধানে তিন গোল করে অন্যরা ঠিকই দলকে জেতান।
ম্যাচ ঘড়ির ৬ মিনিটে কিংস প্রথম গোলের দেখা পায়। মধ্যমাঠের পেছন থেকে লং বল পেয়ে মিগেল দামাসেনো বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল কাঁপান। গোলকিপার রাসেল মাহমুদ লিটন এই আচমকা শট থেকে গোল হবে, তা হয়তো চিন্তা করতে পারেননি। গোলের পর তো হতভম্ব একসময় জাতীয় দলে খেলা এই গোলকিপার।
২১ মিনিটে ব্যবধান বাড়ায় কিংস। রবিনিয়োর দারুণ পাস থেকে রাকিব হোসেন বক্সে ঢুকে নিজের জায়গা ছেড়ে বেরিয়ে আসা গোলকিপারের পাশ দিয়ে দারুণভাবে নিশানাভেদ করেন। ৭ মিনিট পর রবিনিয়োর বুদ্ধিদ্বীপ্ত পাসে উজবেকিস্তানের মিডফিল্ডারে আশররভ গফুরভ বল পেয়ে বক্সে ঢুকে প্লেসিং করে গোলকিপারকে পরাস্ত করেন।
দিনের অন্য ম্যাচে গোপালগঞ্জে শেখ ফজলুল হকি মনি স্টেডিয়ামে শেখ জামাল ১-০ গোলে হারায় ফর্টিস এফসিকে। প্রথম ম্যাচে কোচ জুলফিকার মাহমুদ মিন্টু হার দেখেছিলেন। আজ তা হয়নি। ফয়সাল আহমেদ ফাহিম একমাত্র জয়সূচক গোলটি করেন।
মুন্সীগঞ্জে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শেখ রাসেলকে ২-১ গোলে হারায় চট্টগ্রাম আবাহনী।
কিংস ৭ ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ম্যাচে চতুর্থ হার দেখা পুলিশ এফসির ৭ পয়েন্ট। শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনী তৃতীয় জয়ে ৯ পয়েন্ট পেয়েছে। ফর্টিস এফসি ও শেখ রাসেলের সমান ৬ পয়েন্ট।