অনেক আশা নিয়ে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দা মায়োতে খেলতে গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে সেখানে মাত্র চার ম্যাচ খেলতে পেরেছিলেন, দুটি গোলও আছে তার। তবে দেড় বছরের চুক্তি থাকলেও মাঝপথে জামালকে ফিরে আসতে হচ্ছে, নতুন দল দেশের অন্যতম জনপ্রিয় ক্লাব আবাহনী লিমিটেড!
আগেই গুঞ্জন রটে যায়, জামাল প্রিমিয়ার লিগে দ্বিতীয় পর্বে আবাহনীর হয়ে মাঠে নামবেন। যদিও তাতে ভিত্তি খুঁজে পাওয়া যাচ্ছিল না। জামাল নিজেই অস্বীকার করে যাচ্ছিলেন। তবে আজ মঙ্গলবার আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ সব গুঞ্জনের অবসান ঘটিয়ে বলেছেন, ‘জামালের সঙ্গে যোগাযোগ করেছিলাম। এরইমধ্যে আমাদের মধ্যে চুক্তিও হয়ে গেছে। প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব থেকে আমরা তাকে আবাহনীর জার্সিতে দেখতে পাবো।’
আবাহনীর অনুশীলন শুরু হবে ৫ মার্চ থেকে। জাতীয় দলের ক্যাম্পে না থাকলে জামাল সেদিন থেকেই আকাশী-নীল জার্সিতে অনুশীলন করবেন। তিনি এর আগে শেখ রাসেল, শেখ জামাল, সাইফ স্পোর্টিং ও কলকাতা মোহামেডানে খেলেছেন। এবারই প্রথম দেশের কোনও সমর্থকপুষ্ট ক্লাবে অভিষেক হতে যাচ্ছে ৩৩ বছর বয়সী মিডফিল্ডারের। তবে আবাহনীতে খেলার বিষয়ে এখন পর্যন্ত জামাল কিছু বলেননি।