সৌদি আরবের ফুটবলে গিয়ে অশ্লীল ও আপত্তিকর অঙ্গভঙ্গির সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর নামটা বহুবার জড়িয়েছে। সৌদি প্রো লিগে সর্বশেষ আল শাবাবের বিপক্ষেও বিতর্কিত অঙ্গভঙ্গি করেছেন। গত বছর এপ্রিলেও এমন আচরণ করার পর শাস্তি এড়াতে পারলেও এবার তোপের মুখে পড়েছেন আল নাসর অধিনায়ক। দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। তবে সৌদি প্রো লিগের শৃঙ্খলা ও নৈতিক কমিটি বুধবার সিআরসেভেনের কাছে বিবৃতি চেয়েছেন বলে দিয়ারিও এএস-এর বরাতে রিপোর্ট করেছে আল রিয়াদিয়া।
কয়েক ঘণ্টা পর সাড়াও দিয়েছেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। আল শাবাবের বিপক্ষে সোমবার ক্লাব ক্যারিয়ারের ৭৫০তম গোল করা রোনালদো বলেছেন, ‘আমি সব ক্লাবকে সম্মান করি। আমার ওই অঙ্গভঙ্গি শক্তি ও বিজয়ের অভিব্যক্তি। এটা অসম্মানজনক কিছু নয়। ইউরোপে আমরা এসবে অভ্যস্ত।’
৩-২ গোলে জেতা ওই ম্যাচে শুরুর গোলটাই ছিল পর্তুগিজ তারকার। ওই ম্যাচ শেষে তাকে উদ্দেশ্য করে স্বাগতিক দর্শকরা ‘মেসি মেসি’ স্লোগান দিলে জবাবটা অশ্লীল অঙ্গভঙ্গিতে দিয়েছেন তিনি। তারপর থেকেই ভীষণ সমালোচিত হচ্ছেন। শোনা যাচ্ছে, ওই ঘটনায় দুই ম্যাচ নিষিদ্ধ হতে পারেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
আরও পড়ুন: আল নাসর ফুটবল ক্লাবের খবর।