বার্সেলোনায় মেসি-সুয়ারেজের বুদ্ধিদীপ্ত পারফরম্যান্স হরহামেশাই দেখা যেত। মেজর লিগ সকারেও তার ঝলকটা দেখালেন তারা। ফ্লোরিডার নগরপ্রতিদ্বন্দ্বী ওরলান্ডো সিটিকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি। মেসি, সুয়ারেজ দুজনেই তাতে জোড়া গোলের দেখা পেয়েছেন।
মেসির বার্সেলোনা সতীর্থ সুয়ারেজ মায়ামিতে যোগ দিয়ে নিজের ঝলকটা দেখালেন তৃতীয় ম্যাচে। জোড়া গোল করেছেন ৪ ও ১১ মিনিটে। এর পর বার্সা সতীর্থ মেসির দুটি গোলেও ছিল তার অবদান। শুরুতে ৫৭ মিনিটে সুয়ারেজ শট নিয়েছিলেন। সেটি ক্রসবারে লেগে ফিরে আসলে আনমার্কড মেসি সহজে ট্যাপড ইন করে বল গোললাইন পার করিয়েছেন। তার পর ৬২ মিনিটে বাম উইং থেকে সুয়ারেজের বাতাসে ভাসানো পাস পেয়ে হেড করে জাল কাঁপান তিনি।
এর মাঝে ২৯ মিনিটে অপরটি করেছেন রবার্ট টেইলর। এই জয়ে মায়ামি তার ক্লাব ইতিহাসে এবারই প্রথম শুরুর তিন ম্যাচে অপরাজিত থাকার নজির গড়লো।
আগামীতে দুজনের এমন পারফরম্যান্স যে অব্যাহত থাকবে সেটার ইঙ্গিত দিয়েছেস সুয়ারেজ, ‘সে (মেসি) আমার সম্পর্কে সব কিছু জানে। আমার ধারণা আমরা এভাবেই পারফর্ম করতে থাকবো।’ সতীর্থ জুলিয়ান গ্রেসেল তাদের প্রশংসা করে বলেছেন, ‘তারা হাল ছেড়ে দেওয়ার লোক নন। গত কয়েক সপ্তাহ ধরেই সেটা আমরা দেখছি। তারা দলের জয়ের জন্য সব কিছু করতে রাজি। সেটার উজ্জ্বল উদাহরণ ছিল আজকে।’