পিছিয়ে পড়েও ম্যানচেস্টার ডার্বি জিতলো সিটি

খেলার আট মিনিট, মার্কাস র‌্যাশফোর্ড রকেট গতির শট নিলেন ছোট ডিবক্সের সামনে থেকে। গোলকিপার এডারসন ঝাঁপিয়ে নাগাল পেলেন না। বল ক্রসবারে আঘাত করে গোললাইন পার হলো। ইতিহাদ স্টেডিয়ামে নিস্তব্ধতা। কেবল ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্তরা উল্লাসে মাতলেন। এরপর ইংলিশ ফরোয়ার্ড আরও দুইবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না। দুইবারই বল নিয়ন্ত্রণে নিতে না পারার খেসারত দিলেন। পরে মাশুল গুনতে হলো দলকেও। 

ম্যানচেস্টার ডার্বির উত্তেজনা শেষে চওড়া হাসি নিয়ে মাঠ ছাড়লো সিটিজেনরা। পেপ গার্দিওলার দল ফিল ফডেনের জোড়া গোলে তিন পয়েন্ট আদায় করেছে। পিছিয়ে পড়েও তারা জিতেছে ৩-১ গোলে। অন্য গোলটি হয়েছে যোগ করা সময়ে, আর্লিং হাল্যান্ড। 

এই জয়ে আবারও শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান একে কমালো। ২৭ ম্যাচে ৬২ পয়েন্ট ম্যানসিটির। টানা চতুর্থবার ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়ার আশায় বড় ধাপই ফেললো গার্দিওলার শিষ্যরা। সব ধরনের প্রতিযোগিতায় টানা ১৯ ম্যাচ অজেয় থাকা সিটিজেনরা পরের ম্যাচ খেলবে এক নম্বরে থাকা লিভারপুলের বিপক্ষে।

প্রথমেই গোল হজম করলেও সিটি হাল ছাড়েনি। প্রথমার্ধে ফডেনের ডানপায়ের একটি শট ম্যানইউ কিপার ওনানা পা দিয়ে ঠেকিয়ে দেন। ম্যানইউর রক্ষণের ফাঁক গলে একবার বল পেয়েছিলেন হাল্যান্ড। কিন্তু তার সাইডফুটের শট লক্ষ্যভ্রষ্ট হয়।

বিরতির পর পুরোদমে ঘুরে দাঁড়ায় ম্যানসিটি। ডানপাশ থেকে নেওয়া ফডেনের বাঁ পায়ের শক্তিশালী শট ঠেকানোর কোনও উপায় ছিল না ওনানার। ৫৬তম মিনিটে সমতায় ফেরে ম্যানসিটি। 

নির্ধারিত সময়ের ১০ মিনিট বাকি থাকতে জুলিয়ান আলভারেজের বাড়ানো বলে নিচু শটে দলকে এগিয়ে নেন ফডেন।

স্টপেজ টাইমে রদ্রি জায়গা খুঁজে পাস দেন হাল্যান্ডকে। ট্রেডমার্ক বাঁ পায়ের ফিনিশিংয়ে তৃতীয় গোল করেন নরওয়েজিয়ান স্ট্রাইকার।