ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরা ফডেন

ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ফিল ফডেন ফুটবল রাইটার্স’ অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। একই ক্লাব থেকে বর্ষসেরা নারী ফুটবলারও হয়েছেন খাদিজা বানি শ। শুক্রবার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

২৩ বছর বয়সী ফডেন এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ গোল করেছেন। ক্লাব বিশ্বকাপ ফাইনালেও জাল কাঁপান তিনি। ফুটবল লেখকদের ৪৬ শতাংশ ভোট তার ব্যালটে পড়েছে। আর্সেনালের ডেকলান রাইস ও সিটি সতীর্থ রদ্রিকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন ইংলিশ ফরোয়ার্ড।

পুরস্কার জয়ের খবর শুনে ফডেন বলেছেন, ‘এই অ্যাওয়ার্ড জিততে পেরে আমি অনেক গর্বিত। যতটা সম্ভব দারুণভাবে এবং সিটিকে আরও বেশি ট্রফি জিততে সহায়তা করে আমি এই মৌসুম শেষ করতে চাই।’

ফডেনের সিটি প্রিমিয়ার লিগে আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে।