মোহামেডানের আক্রমণভাগের অন্যতম প্রাণভোমরা সুলেমানে দিয়াবাতে। বলতে গেলে সাদা-কালো দলের হয়ে প্রতিপক্ষের মনে ত্রাস সৃষ্টি করে যাচ্ছেন। লিগে ১৩ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ওপরের দিকে আছেন। সেই মালির স্ট্রাইকার আজ শুক্রবার খেলতে পারেননি। তিন হলুদ কার্ডের কারণে সাসপেন্ড হয়েছিলেন। তাকে ছাড়া মোহামেডান প্রিমিয়ার লিগে ফিরতি পর্বের ম্যাচ জিততে পারেনি। আগে গোল করেও চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আলফাজ আহমেদের দল। যদিও এর আগে লিগ পর্বে দুই দলের খেলা গোলশূন্য ড্র ছিল।
মুন্সীগঞ্জ শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুই দল গোলের একাধিক সুযোগ পেয়েছিল। সাদা-কালোদের সঙ্গে সমান দাপট দেখানোর চেষ্টা করেছে বন্দরনগরীর দল।
তবে ম্যাচের ২৭ মিনিটে মোহামেডান প্রথম এগিয়ে যায় আরিফ হোসেনের গোলে। বক্সের বাইরে থেকে ডান পায়ের বুলেট গতির শটে এই ফরোয়ার্ড সাদা-কালোদের এগিয়ে নেন। গোলকিপার রানা চেষ্টা করেও পারেননি গোল আটকাতে।
তবে পিছিয়ে থেকে চট্টগ্রামের দলটি সমতায় ফেরার সুযোগ খুঁজছিল। ৩৪ মিনিটে চট্টগ্রাম আবাহনী সফলও হয়। সমতায় ফেরে ইফেগু ডেভিডের গোলে। প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া ফ্রি কিকে তিনি জোরালো শটে জাল কাঁপান। গোলকিপার সুজন হোসেন বলের লাইনে ঝাঁপালেও নাগাল পাননি।
বিরতির পর দুই দলের খেলোয়াড়রা কম চেষ্টা করেননি। তবে একে অন্যের গোলকিপারের বড় পরীক্ষা নিতে পারেনি। শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে।
অন্য ম্যাচে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামালকে ৩-২ গোলে হারিয়ে ব্রাদার্স ইউনিয়ন চমক দেখিয়েছে। এলিটা কিংসলে প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে অনেকক্ষণ লিড ধরেও রেখেছিল ব্রাদার্স। কিন্তু শেখ জামাল শেষ পর্যন্ত সমতা আনে। তবে শেষটা জিতেছে গোপিবাগের দল। ৭২ মিনিটে ব্রাজিলিয়ান হিগো লেইতে পেনাল্টি থেকে শেখ জামালকে সমতায় ফেরান। তিন মিনিট পর ব্যবধান বাড়ান সায়েমানভ। অ্যাসিস্ট করেছিলেন মোহাম্মদ আব্দুল্লাহ।
শেষ তিনি মিনিটে ব্রাদার্সের চমক অপেক্ষা করছিল। দুই গোল করে প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দেয় ওমর সিসের দল। ৮৮ মিনিটে মহসিন আহমেদ গোল করে স্কোরলাইন ২-২ করেন। পরের মিনিটে রাব্বি হোসেন রাহুল গোল করে দলকে প্রথমবারের মতো তিন পয়েন্ট এনে দেন।
লিগে বসুন্ধরা কিংস ১৩ ম্যাচে ১১ জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে। এক ম্যাচ বেশি খেলে মোহামেডান সাত জয় ও ড্রতে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। এতে করে কিংসের সঙ্গে তাদের ব্যবধান আরও বাড়লো। চট্টগ্রাম আবাহনী সমান ম্যাচে পঞ্চম ড্রতে ১৭ পয়েন্টে পঞ্চম স্থানেই আছে। শেখ জামাল ১৫ পয়েন্টে নিয়ে সপ্তম স্থানে আছে। তিন ড্র করা ব্রাদার্স ইউনিয়ন প্রথম জয়ে ৬ পয়েন্ট নিয়ে রেলিগেশন শঙ্কা দূর করতে পারেনি।