ইউরোর জন্য ৩৩ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। সেখানে এবেরেচি এজে, মার্ক গুয়েহি ও কোবি মাইনুর মতো খেলোয়াড় থাকলেও বিশাল বহরে জায়গা হয়নি মার্কাস র্যাশফোর্ড, জর্ডান হেন্ডারসন ও রহিম স্টার্লিংয়ের।
উয়েফার বেঁধে দেওয়া সময় ৭ জুনের মধ্যে ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে ইংল্যান্ডকে। আগামী ৩ জুন নিউক্যাসেলে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ও চার দিন পর ওয়েম্বলিতে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর সাত জনকে বাদ দিয়ে দল ছোট করে ফেলবেন সাউথগেট।
থ্রি লায়নদের হয়ে ৬০ ম্যাচে ১৭ গোল করা র্যাশফোর্ডের না থাকা বড় চমক হলেও অপ্রত্যাশিত নয়। গত ইউরোতে ফাইনালে ইতালির কাছে হারা ম্যাচে টাইব্রেকারে পেনাল্টি মিস করেছিলেন তিনি। ২০১৬ ইউরো থেকে ইংল্যান্ডের সবশেষ চারটি বড় টুর্নামেন্টে খেলা ২৬ বছরের ফরোয়ার্ড ম্যানইউর হয়ে এই মৌসুমে ৩৩ লিগ ম্যাচে মাত্র সাত গোল করেছেন। তার দল তাদের লিগ ইতিহাসে সবচেয়ে বাজে মৌসুম পার করেছে অষ্টম স্থানে থেকে।
গত মৌসুমে লিভারপুল থেকে সৌদি আরবের আল ইত্তিফাকে যোগ দেওয়া মিডফিল্ডার হেন্ডারসনকে দলে নেওয়া অব্যাহত রাখায় সমালোচিত হন সাউথগেট। এই জানুয়ারিতে তিনি আয়াক্সে যোগ দিয়েছেন, তাতে করে তাকে দলে দেখার প্রত্যাশা করা হচ্ছিল। কিন্তু কোচ তার দিকে দৃষ্টি দেননি।
দলটিতে পাঁচ জন আনক্যাপড খেলোয়াড়, মানে আন্তর্জাতিক ফুটবলে প্রথমবার খেলার সুযোগ পাচ্ছেন লিভারপুলের কুর্টিস জোন্স ও জারেল কুয়ানসাহ, এভারটনের জ্যারাড ব্র্যান্থওয়েট, ক্রিস্টাল প্যালেস মিডফিল্ডার অ্যাডাম হোয়ারটন ও বার্নলি গোলকিপার জেমস ট্র্যাফোর্ড।
চেলসি, নিউক্যাসেল ও অ্যাস্টন ভিলার সঙ্গে দারুণ মৌসুম কাটিয়ে ডাক পেয়েছেন যথাক্রমে কোল পালমার, অ্যান্থনি গর্ডন ও ওলি ওয়াটকিন্স। ফুটবল অ্যাসোসিয়েশনের বেটিং রুলস লংঘন করে আট মাস নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন ইভান টনি।
ম্যানসিটির হয়ে মাত্র ১০ লিগ ম্যাচে শুরুর একাদশে থাকলেও রাখা হয়েছে জ্যাক গ্রিলিশকে। পেশির চোটে ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে থাকা লুক শ আছেন দলে।
ইংল্যান্ড স্কোয়াড-
জেমস ট্র্যাফোর্ড, ডিন হেন্ডারসন, অ্যারন রামসডেল, জর্ডান পিকফোর্ড; জ্যারাড ব্র্যান্থওয়েট, জ্যারেল কুয়ানসাহ, লুক শ, মার্ক গুয়েহি, এজরি কোনসা, লুইস ডাঙ্ক, জো গোমেজ, কাইল ওয়াকার, হ্যারি মাগুইরে, জন স্টোন্স, কিয়েরান ট্রিপিয়ের; অ্যাডাম হোয়ারটন, কোবি মাইনু, কুর্টিস জোন্স, কনর গ্যালাঘের, ডেকলান রাইস, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড; ইভান টনি, ওলি ওয়াটকিন্স, অ্যান্থনি গর্ডন, হ্যারি কেইন, ফিল ফোডেন, কোল পালমার, জুড বেলিংহ্যাম, বুকায়ো সাকা, জেমস ম্যাডিসন, জ্যারড বাওয়েন, ইবেরেচি এজে, জ্যাক গ্রিলিশ।