অবশেষে বছরের প্রথম ফিফা প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। শুক্রবার বিকাল পৌনে ছয়টায় কিংস অ্যারেনায় সাবিনা খাতুনদের প্রতিপক্ষ শক্তিধর চাইনিজ তাইপে। র্যাঙ্কিংয়ে চাইনিজ তাইপে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। তাদের স্থান ৪০তম, আর বাংলাদেশ ১৪০তম। তাতে দুই দলের শক্তির পার্থক্য সহজেই অনুমেয়। তার পরেও এই ম্যাচ থেকে শেখার লক্ষ্য স্বাগতিকদের। সমান্তরালে আছে সাধ্যমতো লড়াই করার ইচ্ছা।
বাংলাদেশ দলে নতুন কোচ পিটার বাটলার। বেশ কিছু দিন ধরে সাবিনাদের অনুশীলন করিয়ে আসছেন। ইংলিশ কোচের প্রথম পরীক্ষাও এই ম্যাচ দিয়ে। কালকের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাটলার শিষ্যদের চ্যালেঞ্জটা নিতে বললেন, ‘চাইনিজ তাইপে সুসংগঠিত দল। তবে র্যাঙ্কিংয়ের দিকে তাকালে হবে না। ম্যাচটি কঠিন হবে। আমাদের মেয়েদের সামনে চ্যালেঞ্জ নিতে হবে। যেন সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যাওয়া যায়, প্রতিদ্বন্দ্বিতামূলক হয়।’
স্বাগতিকদের অধিনায়ক সাবিনা খাতুনও ভালো কিছুর আশায় মাঠে নামতে চাইছেন, ‘প্রতিপক্ষকে সবসময় সম্মান করি, র্যাঙ্কিংয়ে তারা যে অবস্থানেই থাকুক না কেন। নতুন কোচের অধীনে প্রায় তিন মাস অনুশীলন করা হয়ে গেছে। সব কোচেরই নিজস্ব দর্শন থাকে, সে যেভাবে চেষ্টা করেছি, মেয়েরাও মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। অনেক দিন পর ইন্টারন্যাশনাল ম্যাচ।শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলা, সব মিলিয়ে আসলে সাফের জন্য অবশ্যই এগুলো দরকার। সবকিছু মিলিয়ে আমাদের চেষ্টা থাকবে ভালো কিছু করার।’
চাইনিজ তাইপের বিপক্ষে দুটি ম্যাচ হবে। যার প্রথমটি কাল। দুই ম্যাচ থেকে সাবিনা ইতিবাচক কিছু অর্জন করতে চাইছেন,‘ নিজেদের অবস্থান কী সেটা বুঝতে পারবো। যেহেতু অনেক দিন ধরে আন্তর্জাতিক ম্যাচ খেলি না। আপনারাও জানেন প্রস্তুতি ক্যাম্পে থাকা আর ম্যাচ খেলা ভিন্ন ব্যাপার। তো ছয়-সাত মাস পর মেয়েরা কিভাবে গুছিয়ে খেলতে পারবে সেটা একটা ব্যাপার। তবে নিজেদের দর্শক মাঠে থাকবে। আমার মনে হয়, মেয়েরা যদি স্বাভাবিক খেলতে পারে, অবশ্যই ভালো কিছু হবে।’
চাইনিজ তাইপেও বছরের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে। তাদের কোচ চ্যাং হি মিংয়ের বাংলাদেশে আসার সুযোগ হয়েছিল আগে। কিন্তু কোচিংয়ে আসার ডাক পেলেও সুযোগ না হওয়ায় আসতে পারেননি। এবার প্রথম এসেই বললেন, ‘১০ বছর আগে আসার সুযোগ থাকলেও আসতে পারিনি। এখন এসে খুশি। এখানে এসেছি তবে আবহাওয়া,সমর্থক ও মাঠ আমাদের প্রতিকূল থাকবে হয়তো। তবে আমাদের দল প্রশিক্ষিত, সুশৃঙ্খল। আশা করছি তারা মাঠে ভালো খেলবে। বাংলাদেশকে সম্মান করছি। র্যাঙ্কিং যাই থাকুক না কেন। তবে আমরা ম্যাচ জিততে চাই।’