চাইনিজ তাইপের বিপক্ষে তিন গোলে পিছিয়ে বাংলাদেশ

ফিফা র‌্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়ে চাইনিজ তাইপে। ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে বাংলাদেশের বিপক্ষে তাদের শক্তিমত্তারও প্রমাণ মিললো। প্রথমার্ধেই তিন গোলে পিছিয়ে স্বাগতিকরা।

শুক্রবার কিংস অ্যারেনাতে বাংলাদেশের একাদশে মুনকি আক্তারের অভিষেক হয়েছে। শুরু থেকে ইংলিশ কোচ পিটার বাটলারের অধীনে বাংলাদেশ হাইলাইন ডিফেন্স করে খেলতে থাকে। কিন্তু গোলের আক্রমণ সেভাবে করতে পারেনি। বরং চাইনিজ তাইপে দেখেশুনে খেলে স্বাগতিকদের ভুলের সুযোগ নিয়ে ২৬ মিনিটের মধ্যে তিন গোলে এগিয়ে যায়।

ম্যাচের ১১ মিনিটে ধারার বিপরীতে গোল হজম করে বাংলাদেশ। রক্ষণের ভুলে গোল হয়। অফ সাইড ট্র্যাপ ভেদ করে থিং চিয়ার পাসে ডিফেন্ডার আফঈদার পায়ের মাঝ দিয়ে বল পেয়ে যান সু ইউ। বক্সের ভেতরে ফাঁকায় বল পেয়ে গিয়ে গোলকিপারের পাশ দিয়ে নিঁখুত নিশানাভেদ করেন এই ফরোয়ার্ড। মাসুরা পারভীন পাশে থেকেও কিছুই করতে পারেননি।

১৮ মিনিটে তাইপে ব্যবধান দ্বিগুণ করে। ই ইয়ুনের মাপা কর্নার থেকে আনমার্কড সু সিন ইয়ুন জায়গা দাঁড়িয়েই জোরালো হেডে গোলকিপারকে পরাস্ত করেন।

২১ মিনিটে লি ওয়েনের শট ক্রসবারের ওপর দিয়ে যায়। দুই মিনিট পর তহুরার শট দূরের পোস্ট দিয়ে যায়।

২৬ মিনিটে চাইনিজ তাইপে স্কোরলাইন ৩-০ করে। ফ্রি কিক থেকে হু সুয়ান পা ছুঁইয়ে দেন।

এখন দেখার অপেক্ষা, দ্বিতীয়ার্ধে সাবিনা-তহুরারা ঘুরে দাঁড়াতে পারে কিনা।