বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে চাইনিজ তাইপে

বছরের প্রথম ফিফা প্রীতি ম্যাচ খেলতে নেমে তিক্ত অভিজ্ঞতা হলো বাংলাদেশ নারী দলের। ফিফা র‌্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়ে থাকা চাইনিজ তাইপের কাছে উড়ে গেছে সাবিনা-সানজিদারা। দুই অর্ধে দাপট দেখিয়ে চাইনিজ তাইপে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশকে।

শুক্রবার কিংস অ্যারেনাতে বাংলাদেশের একাদশে মুনকি আক্তারের অভিষেক হয়েছে। শুরু থেকে ইংলিশ কোচ পিটার বাটলারের অধীনে বাংলাদেশ হাইলাইন ডিফেন্স করে খেলতে থাকে। কিন্তু গোলের আক্রমণ সেভাবে করতে পারেনি। বল নিয়ে অন্য প্রান্তে গেলেও চাইনিজ তাইপের শারীরিক গঠনের কাছে অনেকটাই পিছিয়ে থাকতে হয়েছে।  

চাইনিজ তাইপে দেখেশুনে খেলে দুই অর্ধে চার গোল করে স্বাগতিকদের ছিটকে দেয়। স্বাগতিকদের ভুলের সুযোগ নিয়ে শুরুর ২৬ মিনিটের মধ্যে তিন গোলে এগিয়ে যায়।

ম্যাচের ১১ মিনিটে ধারার বিপরীতে গোল হজম করে বাংলাদেশ। রক্ষণের ভুলে গোল হয়। অফ সাইড ট্র্যাপ ভেদ করে থিং চিয়ার পাসে ডিফেন্ডার আফঈদার পায়ের মাঝ দিয়ে বল পেয়ে যান সু ইউ। বক্সের ভেতরে ফাঁকায় বল পেয়ে গিয়ে গোলকিপারের পাশ দিয়ে নিঁখুত নিশানাভেদ করেন এই ফরোয়ার্ড। মাসুরা পারভীন পাশে থেকেও কিছুই করতে পারেননি।

১৮ মিনিটে তাইপে ব্যবধান দ্বিগুণ করে। ই ইয়ুনের মাপা কর্নার থেকে আনমার্কড সু সিন ইয়ুন জায়গা দাঁড়িয়েই জোরালো হেডে গোলকিপারকে পরাস্ত করেন।

২১ মিনিটে লি ওয়েনের শট ক্রসবারের ওপর দিয়ে যায়। দুই মিনিট পর তহুরার শট দূরের পোস্ট দিয়ে যায়।

২৬ মিনিটে চাইনিজ তাইপে স্কোরলাইন ৩-০ করে। ফ্রি কিক থেকে হু সুয়ান পা ছুঁয়ে দেন।

বিরতির পর সাবিনার জায়গায় সানজিদা নামেন। পরবর্তীতে বদল হয় আরও। কিন্তু তাতে করে ব্যবধান কমাতে পারেনি বাংলাদেশ। উল্টো আরও এক গোল খেতে হয়েছে।

৫৬ মিনিটে চাইনিজ তাইপে স্কোরলাইন ৪-০ করে। লি ইয়ি ইয়ুনের শট ক্রসবারে লেগে ফিরে আসে। বল ঘুরে এসে বক্সের ভেতরে সু ইউ বল পেয়ে অনায়াসে জড়িয়ে দেন জালে।

৬২ মিনিটে বাংলাদেশ বলার মতো একটি সুযোগ পায়। মনিকা চাকমার বাঁ প্রান্তের ক্রস পিচের ওপরে লেগে মিস হলে আফসোস করতে হয়েছে। যোগ করা সময়ে সানজিদার বক্সের বাইরে থেকে জোরালো শট অল্পের জন্য বাইরে দিয়ে গেলে হতাশা আরও বাড়ে। অভিষেকও ভুলে যাওয়ার মতো হলো বাটলারের।

দুই দলের দ্বিতীয় প্রীতি ম্যাচটি হবে ৩ জুন একই ভেন্যুতে।