২০২২ সালের ২৯ ডিসেম্বর ফুটবল বিশ্বকে কাঁদিয়ে চলে গেছেন ফুটবল সম্রাট পেলে। তাকে জন্ম দেওয়া রত্নগর্ভা মা অবশ্য বেঁচেছেন তার চেয়েও বেশি। শুক্রবার ১০১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
পেলের মায়ের নাম সেলেস্তে আরান্তেস। ১৭ বছর বয়সে জন্মদেন প্রথম সন্তানের। যিনি পরে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে পরিচিতি পেয়েছেন। একমাত্র ফুটবলার হিসেবে জিতেছেন তিন বিশ্বকাপ।
পেলের মায়ের মৃত্যুর বিস্তারিত জানানো হয়নি। শুধু এক বার্তায় ইনস্টাগ্রামে পেলের বড় ছেলে এদিনহো লিখেছেন, ‘শান্তিতে ঘুমাও দাদি মা।’
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আরান্তেস ৮ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার পর শুক্রবার মারা যান তিনি। পেলের মৃত্যুর সময় পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আরান্তেসের কগনিটিভ জটিলতা আছে এবং ছেলের মৃত্যু সম্পর্কে কিছুই জানতেন না তিনি।
পেলের আরেক ভাই জোকা তার মতো একই রকম ক্যানসারে আক্রান্ত হয়ে ২০২০ সালে মারা গেছেন।
বেঁচে থাকতে মায়ের প্রতি কতটা দুর্বল ছিলেন সেটা ভাবাবেগ দিয়ে কথায় দিয়ে প্রকাশ করতেন পেলে। ব্রাজিলের এই কিংবদন্তি একবার মায়ের জন্মশত বর্ষে ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘সেই ছোট বেলা থেকেই মা আমাকে ভালোবাসা ও শান্তির মূল্য শিখিয়েছিলেন।’
ওই পোস্টে মায়ের সঙ্গে জীবনের বিভিন্ন পর্যায়ের ছবি পোস্ট করেছিলেন। ওই ঘটনার ৯ দিন পরই পেলে সাও পাওলোর হাসপাতালে ভর্তি হন। কিন্তু ক্যানসারের কাছে ৮২ বছর বয়সে হার মানেন তিনি।