আর্জেন্টিনার বিপক্ষে ‘বিশেষ জয়ের’ সুযোগ দেখছে কানাডা

কোপা আমেরিকায় প্রথমবারই খেলতে এসে চমক দেখিয়েছে কানাডা। সেমিফাইনালের মঞ্চে তাদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ। প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ঐতিহাসিক ম্যাচে বিশেষ জয়ের সুযোগ দেখছেন কানাডার কোচ জেসে মার্শ।

সেমিফাইনালের ম্যাচটা শুরু হবে বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায়। টুর্নামেন্টে দারুণ নৈপুণ্য দেখিয়ে আমন্ত্রিত অতিথিরা শেষ চারে। কিন্তু গ্রুপ পর্বে এই আর্জেন্টিনার কাছে তারা হার দেখেছে ২-০ গোলে। তাছাড়া ইতিহাস-ঐতিহ্য আর শক্তিমত্তায় ভীষণ শক্তিশালী মেসির দল। এমন প্রতিপক্ষের বিপক্ষে লড়াই নিঃসন্দেহে দারুণ অভিজ্ঞতার। কিন্তু সাবেক লিডস ইউনাইটেড ও লাইপজিগ কোচ মার্শ শুধু এই অভিজ্ঞতা অর্জনেই সন্তুষ্ট থাকতে চাইছেন না। তিনি বিশেষ জয়ের সুযোগ দেখছেন, ‘আমার মন শুধু বিশেষ অভিজ্ঞতা অর্জনের দিকে থেমে নেই। বাস্তবে বিশেষ জয়ের সুযোগের দিকেও আছে।’

গ্রুপ পর্বে এই আর্জেন্টিনার কাছেই কানাডা ২-০ গোলে হেরেছে। কিন্তু কানাডার কোচ, সেই ম্যাচকে আমলে নিচ্ছেন না। তার মতে ওই পরাজয়ের পর তার দল অনেক উন্নতি করেছে, ‘যদি ওই ম্যাচের কথা ভাবেন, তাহলে দেখবেন আমরা তার পর একসঙ্গে ১৮দিন কাটিয়েছি। এই সময়ে কৌশলগতভাবে এগিয়ে যেতে যথেষ্ট বিনিয়োগ করেছি। এখন মাঠের বোঝাপড়াটাও বেড়েছে। বিশেষ করে এসব মুহূর্ত কীভাবে সামলানো যায়। তাই আমার মনে হয় ওই পরাজয়ের পর যথেষ্ট উন্নতি করেছি। এবং যেভাবে কৌশল অনুসরণ করছি সেসব নিয়েও ভীষণ আত্মবিশ্বাসী মনে করছি।’    

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ মানেই মেসি কেন্দ্রিক রণকৌশল। কানাডার কোচও স্বীকার করলেন সেটা। মেসিকে থামাতে সব চেষ্টাই করবেন তারা, ‘সর্বশেষ ম্যাচে মেসিকে থামাতে পারিনি। এই ম্যাচে ম্যান মার্ক অবশ্য করা হবে না। তবে তাকে নিয়ে আলাদা জোর দেওয়া হবে। বিশেষ করে তার জন্য নির্দিষ্ট কিছু বিষয় অনুসরণ, যেটা তার জন্য কঠিন করে দেবে। বিশেষ করে তার বিচরণের ক্ষেত্র সীমাব্ধ করে দেওয়া। যাতে করে আমাদের রক্ষণে সে স্বীধানভাবে হানা দিতে না পারে। যেমনটা সে সর্বশেষ ম্যাচে করেছে।’