ডি মারিয়ার অবসর আর নিজের ভবিষ্যৎ নিয়ে মেসি যা বলেছেন

অ্যাঙ্গেল ডি মারিয়ার পূর্ব পরিকল্পনা ছিল এমনই। কোপা আমেরিকা খেলেই অবসরে যাবেন তিনি। যার শেষের আনুষ্ঠানিকতা কাল সোমবার। ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ দিয়েই কোপা আমেরিকার পর্দা নামছে। সতীর্থ ও আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি আশা করছেন, শেষের মঞ্চে গোলে করেই বিদায় বলবেন ডি মারিয়া।  

আর্জেন্টিনার ফুটবলে ডি মারিয়ার অবদান কতটা সেটা প্রমাণ করে কোপার সর্বশেষ আসর আর কাতার বিশ্বকাপই। ২০২১ সালে কোপা আমেরিকায় ব্রাজিলের বিপক্ষে তার করা গোলেই শিরোপা খরা ঘুচিয়েছে আলবিসেলেস্তরা। কাতার বিশ্বকাপের ফাইনালেও স্কোরশিটে নাম তুলেন তিনি। তাই লিওনেল মেসির আশা শেষটাতেও একইভাবে স্কোরশিটে থাকবে এই সতীর্থের নাম, ‘কে বলতে পারে, দেখা গেলো আগের যে কয়টা ফাইনাল সে খেলেছে, সেগুলোর মতো একইভাবে কালও গোল করবে। এটা হবে অসাধারণ।’

কোপার ফাইনালের আগে ডিস্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, এই দল আরও আশা করে ডি মারিয়া তার সিদ্ধান্ত বদলাবেন, ‘আমরা সব সময়ই তাকে এই ব্যাপারে ভাবতে বলি। কারণ সামনে বাছাই ম্যাচ আসছে। যাই হোক সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এটাকে বদলানো যাবে না।’

ডি মারিয়া আর্জেন্টিনার হয়ে ১৪৪ ম্যাচ খেলেছেন। করেছেন ৩১ গোল। কোপা আমেরিকার ৬টি আসরে খেলার পাশাপাশি খেলেছেন ৪টি বিশ্বকাপেও। তাছাড়া বেইজিং অলিম্পিকে আর্জেন্টিনার স্বর্ণ জয়ের ম্যাচে একমাত্র গোলটিও করেছিলেন তিনি। 

এই অবস্থায় কোপার ফাইনালের আগে কোচ লিওনেল স্ক্যালোনি এটার নিশ্চয়তা দিতে পারলেন না, ডি মারিয়া শুরুর একাদশে থাকবেন, ‘এটা জানি তার শেষ ম্যাচ। কিন্তু তার পরেও আমরা দলের জন্য সেরা সমন্বয়ের কথাই আগে ভাবি। আশা করবো সব কিছুই যেন ভালো মতো যায় এবং অ্যাঙ্গেল সম্ভাব্য সেরা উপায়েই যেন বিদায় বলতে পারে।’

এদিকে, ডি মারিয়ার অবসর নিয়ে কথা বলার পাশাপাশি মেসি নিজের ভবিষ্যৎ নিয়েও ডি স্পোর্টসকে জানিয়েছেন। উপভোগের সেই পুরোনো কথাই ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন তিনি, ‘আমি এখন উপভোগের বাইরে কিছু ভাবছি না। ভীষণ উপভোগ করছি। সেটা প্রতিদিনের জীবন কিংবা অর্জন। এটা ততদিনই চলতে থাকবে যখন আর আমি নিতে পারবো না।’