জাতীয় দলের প্রস্তুতি নিয়ে খুশি নন মরেনো

ঢাকা আবাহনীর সঙ্গে প্রস্তুতি ম্যাচে গোলশূন্য ড্র করেছে জর্ডানগামী বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচ শেষে তাই অসেন্তাষ প্রকাশ করলেন জাতীয় দলের স্প্যানিশ কোচ গঞ্জালো মরেনো।
১৬ মার্চ ওয়ার্ম-আপ ম্যাচ খেলতে আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবে জাতীয় দল। হাতে সময় মাত্র পাঁচ দিন। এখনও দলের অনুশীলন পরিপূর্ণ হয়নি। ম্যাচ শেষে তাই গঞ্জালো মরেনোর কণ্ঠে অসন্তুষ্টিই ঝরলো,‘পারফরম্যান্সে আমি সন্তুষ্ট নই। আরও অনেক উন্নতি করতে হবে। সময় খুব অল্প।’
দেশ ছাড়ার আগে ইনজুরি তার বড় শঙ্কা। এ নিয়ে তিনি বলেন, ‘রনির ফিট হওয়াটা খুব জরুরি। ফরোয়ার্ড জীবনের সঙ্গী হিসেবে রনিকে প্রয়োজন। ফাহাদ, রেজা ও নাসিরের ইনজুরি রয়েছে। তারা দ্রুত রিকভারি করবে এটা আশা করি।’
জাতীয় দলের ক্যাম্প রেখে আবাহনীর ফুটবলাররা মাগুরায় টুর্নামেন্ট খেলতে গেছেন। এ সম্পর্কে হতাশাই প্রকাশ করলেন কোচ মরেনো, ‘প্রত্যাশা করি তারা কেউ ইনজুরিতে না পড়ুক। আমি এটার পক্ষে নই। ম্যানেজার রুপু ও বাফুফে অনুরোধ করায় আমি ছেড়েছি।’

আবাহনী তিন বিদেশি নিয়ে খেলেছে। তিন বিদেশি নিয়ে খেললেও গোলের সুযোগ তেমন তৈরি করতে পারেনি। জাতীয় দল আবাহনীর চেয়ে তুলনামূলক ভালো খেলেছে।

আবাহনীর ইংরেজ ফরোয়ার্ড লি টাক ম্যাচ শেষে বলেছেন,‘ আমরা এখনও প্রস্তুতির পর্যায়ে রয়েছি। আবাহনীর শিরোপা জয়ে আমি ভূমিকা রাখতে চাই।‘ লিগের সময় ঢাকায় ৩০ ডিগ্রির উপরে তাপমাত্রা থাকবে। তাপমাত্রা খুব সমস্যা হবে না বলে জানান, ইংল্যান্ডের নাগরিক। বলেন,  ‘এশিয়ায় খেলার অভিজ্ঞতা রয়েছে। লিগ শুরুর আগে আবহাওয়ার সঙ্গে আমি মানিয়ে নিতে পারব। লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার চেয়ে আবাহনীকে শিরোপা জেতানোই আমার মূল লক্ষ্য।’

/আরএম/এফআইআর/