গতবার লিগস কাপ দিয়েই ট্রফি কেসে নিজেদের প্রথম শিরোপাটি তুলেছিল ইন্টার মায়ামি। যার কারিগর ছিলেন লিওনেল মেসি। এবার অবশ্য চোট নিয়ে আর্জেন্টাইন তারকা মাঠের বাইরে রয়েছেন। কবে ফিরবেন সেটা নিশ্চিত নয়। তবে তাকে ছাড়া লিগস কাপের ট্রফি ধরে রাখার অভিযানে দারুণ শুরু করেছে মায়ামি। ঘরের মাঠে মেক্সিকোর পুয়েবলাকে ২-০ গোলে হারিয়েছে তারা।
ম্যাচের ৯ মিনিটেই প্রথম গোলটি পায় মায়ামি। স্কোর করেন প্যারাগুয়ের মাতিয়াস রোহাস। ৭২ মিনিটে জয় সুনিশ্চিত করেন উরুগুয়ের লুই সুয়ারেজ।
চোটের কারণে মেসি মেজর লিগ সকারে নিয়মিত মৌসুমে ইন্টারের হয়ে দুটি ম্যাচ মিস করেছেন। খেলতে পারেননি এমএলএস অল স্টার ম্যাচেও।
লিগস কাপে সাধারণত এমএলএস ক্লাব ও মেক্সিকোর লিগা এমএক্সের দলগুলো বিশ্বকাপের মতো টুর্নামেন্ট স্টাইলে খেলে থাকে। প্রতিটি গ্রুপে থাকে তিনটি করে দল। সেখান থেকে দুটি ক্লাব সুযোগ পায় নকআউট রাউন্ডে। আগামী শনিবার মায়ামির গ্রুপ ম্যাচে প্রতিপক্ষ মেক্সিকোর আরেক ক্লাব টাইগ্রেস।
শনিবার অন্যান্য গ্রুপ পর্বের ম্যাচে মেক্সিকোর অ্যাটলাস হিউস্টনকে ১-০ গোলে, নিউ ইংল্যান্ড মাজাতলানকে ১-০ গোলে, ফিলাডেলফিয়া শার্লটকে ১-০ গোলে এবং টরন্টো নিউ ইয়র্ক বুলসকে পেনাল্টিতে ৫-৪ গোলে হারিয়েছে।