বিশাল লাভে অ্যাটলেটিকোর কাছে আলভারেজকে দিচ্ছে ম্যানসিটি

জুলিয়ান আলভারেজ ম্যানচেস্টার সিটি থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে যাচ্ছেন। বিশ্ব গণমাধ্যমে প্রকাশিত মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী, আর্জেন্টাইনকে বিশাল লাভে স্প্যানিশ ক্লাবের কাছে বেচে দিচ্ছে ইংলিশ চ্যাম্পিয়নরা।

আলভারেজকে সাড়ে ৯ কোটি ইউরোতে বিক্রি করছে ম্যানসিটি। ২০২২ সালের জানুয়ারিতে রিভার প্লেট থেকে ১ কোটি ৪০ লাখ ইউরোতে তাকে কিনেছিল তারা। সিটিতে পা রাখার পর দুটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ জেতেন। দুই মৌসুমে করেছেন ৩৬ গোল। এছাড়া জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ ও কোপা আমেরিকা জিতেছেন।

স্পেন অধিনায়ক আলভারো মোরাতা এসি মিলানে চলে যাওয়ায় আক্রমণভাগের মূল অস্ত্র হিসেবেই খেলবেন আলভারেজ। এরই মধ্যে স্প্যানিশ ক্লাব ইউরো জয়ী রবিন লে নরম্যান্ড ও নরওয়েজিয়ান ফরোয়ার্ড আলেক্সান্ডার সোরলোথকে যুক্ত করেছে।