দুই দিনের মানববন্ধনের পর সমাধানের আশ্বাস

আসন্ন ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগের দলবদলে শেখ জামাল, শেখ রাসেলসহ আরও কয়েকটি ক্লাব সরে দাঁড়ানোয় বিপাকে পড়েছেন ফুটবলাররা। লিগে ক্লাবগুলোর অংশগ্রহণের নিশ্চয়তা পাওয়ার দাবিতে মাঠ ছেড়ে এখন রাস্তায় নেমে এসেছেন দেশের পেশাদার ফুটবলাররা। ক্লাবগুলো লিগে অংশ না নিলে নিদারুণ দুর্ভোগে পড়বেন তারা।

টানা দুইদিন মানববন্ধন কর্মসূচি পালন করলেন ফুটবলাররা। এতে জাতীয় দলের ফুটবলাররা যেমন ছিলেন, তেমনি প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাবের খেলোয়াড়রাও ছিলেন। প্রায় ১২০ থেকে ১৫০ ফুটবলার, কোচিং স্টাফদের রুটি-রুজি এখন হুমকির মুখে। এমতাবস্থায় তাদের যৌক্তিক দাবির সঙ্গে একাত্বতা প্রকাশ করে আজ রবিবার দ্বিতীয় দিনের মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন জাতীয় দলের এক সময়কার মাঠ কাঁপানো ফুটবলার শফিকুল ইসলাম মানিক, আলফাজ আহমেদ, ওয়াসিম, নকীব, এমিলিসহ আরও অনেকে।

সাবেক এ ফুটবলাররা লিগ থেকে নাম প্রত্যাহার করা ক্লাবগুলোকে দলবদলে অংশ নেওয়ার জোর অনুরোধ জানান। পাশাপাশি নাম প্রত্যাহার করা ক্লাবগুলোতে যারা আগে পৃষ্ঠপোষকতা করেছে তাদেরসহ অন্য স্পন্সরদেরও ফুটবলারদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন মানিক, আলফাজরা।

ফুটবলাররা রাস্তায় নেমে শুধু নিজেদের দাবি জানিয়েই ক্ষান্ত দেননি, দেখা করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গেও। পরশু রাতে ফুটবলারদের ৮-১০ জনের একটি দল সালাউদ্দিনের বাসায় বৈঠকে বসেন। খেলোয়াড়দের এ সংকটে তাদের পাশে থাকার কথা বলেছেন সালাউদ্দিন। পাশাপাশি যে সব ক্লাব লিগে অংশ নেবে না বলে জানিয়েছে, তাদের কর্তাব্যক্তিদের সঙ্গে কথাও বলেছেন বাফুফের সভাপতি। সালাউদ্দিনের ফোন পেয়ে শেখ জামাল, চট্টগ্রাম আবাহনীর কর্তারা আসন্ন লিগে অংশ নেওয়ার কথা বললেও শেখ রাসেলকে কোনোমতেই রাজি করানো যায়নি। শেখ রাসেল ক্লাব গতকাল সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বাফুফেকে জানিয়েছে তারা আসন্ন লিগে খেলবে না- এমন তথ্যই বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সূত্রে আজ জানা গেছে।

একই সঙ্গে ইমরান জানান যে, `আগামীকাল সোমবার বাফুফের পেশাদার লিগ কমিটির সভা রয়েছে। সেখানে এই বিষয়ে একটা সমাধানে পৌঁছাতে পারবে বলে আশা করছি।‘