সবশেষ ইউরোতে জার্মানিকে নেতৃত্ব দেওয়া ইলকাই গুন্ডোগান সোমবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ইতি টেনেছেন ১৩ বছরের ক্যারিয়ারের।
সোশ্যাল মিডিয়ায় গুন্ডোগান লিখেছেন, ‘কয়েক সপ্তাহের চিন্তাভাবনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার জাতীয় দলের ক্যারিয়ারের ইতি টানার এটাই সময়।’
তিনি আরও যোগ করেছেন, ‘পেছনে ফিরে তাকালে আমার গর্ব হয় যে আমি দেশের হয়ে ৮২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছি, ২০১১ সালে সিনিয়র জাতীয় দলের হয়ে আমার অভিষেকের সময়ও এই সংখ্যাটা কল্পনা করতে পারিনি।’
২০২৪ ইউরো খেলে টনি ক্রুস ও থমাস মুলারের সঙ্গে অবসরের তালিকায় নাম লিখলেন গুন্ডোগান। আগামী অক্টোবরে ৩৪ বছরে পা দিতে যাওয়া এই মিডফিল্ডার তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৯ গোল করেছেন।
২০১১ সালের অক্টোবরে বেলজিয়ামের বিপক্ষে জার্মানির জার্সিতে অভিষেক হয়েছিল গুন্ডোগানের। কিন্তু পিঠের ইনজুরির কারণে ২০১৪ সালের বিশ্বকাপ জয়ের স্বাদ পাননি। ২০১৬ ইউরোতেও থাকতে পারেননি হাঁটুর চোটে।
তুর্কি বংশোদ্ভুত প্রথম জার্মান ফুটবলার হিসেবে সবশেষ ইউরোতে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন এবং চারটি মেজর টুর্নামেন্টে খেলেছেন।
নিজের ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল পর্ব কোনটি, তাও জানালেন গুন্ডোগান, ‘দেশের মাটিতে গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নেতৃত্ব দিতে পারা আমার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল পর্ব এবং এটা ছিল বিশাল সম্মানের।’
জার্মানি কোচ জুলিয়ান নাগেলসম্যান গুন্ডোগানের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বলেছেন, ‘ইলকাই ছিল অসাধারণ অধিনায়ক। তার সঙ্গে আমার কাজ করতে খুব ভালো লেগেছে। জাতীয় দলের দরজা কখনও সম্পূর্ণ বন্ধ হয় না। কিন্তু আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং তার ভবিষ্যতের জন্য শুভ কামনা, পেশাদার ও ব্যক্তিগতভাবে।’