ভুটান সফরে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার প্রথম ম্যাচ, পরেরটি রবিবার। এই ম্যাচের প্রস্তুতি নিতে বেশ আগেভাগেই সেখানে চলে গেছে জামাল ভূঁইয়ারা। সমুদ্রপৃষ্ট থেকে ভুটানের অনেক উচ্চতার কারণে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেশ ভুগছেন ফুটবলাররা। কিন্তু কোনও অজুহাত না দেখিয়ে সেরাটা দিতে প্রস্তুত দল। মঙ্গলবার ম্যাচের ভেন্যু চ্যাংলিমিথাং স্টেডিয়ামে অনুশীলন করেছে জামাল-তপু-মোরসালিন-ফাহিমরা।
সমুদ্রপৃষ্ঠ থেকে ভুটানের উচ্চতা বেশি হওয়ার কারণে শুরু থেকে শ্বাস নিতে সমস্যা হচ্ছিল জামালদের। তবে দিন যেতেই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা চলেছে।
ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম আজ বলেছেন, ‘আজকে আমাদের দুই সেশন অনুশীলন হচ্ছে। আজ সবাই ভালোভাবে অনুশীলন করতে পেরেছে। গতকাল যেমন শ্বাস নিতে সমস্যা হয়েছে, আজকে সবার সেটা হয়নি। যেহেতু প্রস্তুতির জন্য আমাদের হাতে আরও একটা দিন সময় আছে, কাল যদি ভালোভাবে অনুশীলন করতে পারি, তাহলে আমাদের ভেতর থেকে এটা (শ্বাস সমস্যা) কেটে যাবে।’
আরেক ফরোয়ার্ড শেখ মোরসালিন সব বুঝে ইতিবাচক ফল করতে প্রত্যাশী, ‘আমরা দীর্ঘদিন খেলার বাইরে ছিলাম, ছুটিতে ছিলাম। তবে, কিছুদিন আগে আমাদের জুনিয়র টিম (অনূর্ধ্ব-২০ দল) চ্যাম্পিয়ন হয়েছে। তো আমাদের কাছেও দেশের মানুষের একটা প্রত্যাশা আছে। আমরা চেষ্টা করবো তাদের আশাহত না করতে।’
এরপরই লেবাননের বিপক্ষে গোল করা ফরোয়ার্ড তার প্রত্যাশার কথা জানালেন, ‘শুরুর দিকে টার্ফে খেলতে একটু সমস্যা হচ্ছিল। তবে আস্তে আস্তে অনেকটা মানিয়ে নিয়েছি। খুব একটা সমস্যা… আসলে এখানে কোনও অজুহাত দেওয়া যাবে না। ওরাও খেলবে, আমরাও খেলবো। আমাদের ৯০ মিনিট খেলতে হবে।’