মেসি-নেইমারের দুর্দান্ত পাফরম্যান্সে বার্সার গোল উৎসব

বার্সালা লিগার শিরোপা ধরে রাখার লড়াইয়ে আরও এগিয়ে গেল বার্সেলোনা। শনিবার রাতে মেসি-নেইমারের দুর্দান্ত পারফরম্যান্সে গেটফের জালে ছয়টি গোল করেছে বার্সা। দুটি গোল করেছেন নেইমার। একটি করে গোল করেছেন লিওনেল মেসি, মুনির এল হাদ্দাদি ও মিডফিল্ডার আর্দা তুরান। অপর গোলটি আত্মঘাতী। এদিন একটি পেনাল্টিও মিস করেছেন মেসি। এছাড়া লা লিগায় এই প্রথমবারের মতো অ্যাসিস্ট এর হ্যাটট্রিক করেছেন মেসি। নেইমারের দুটি গোলের উৎসই ছিলেন এই আর্জেন্টাইন তারকা।

ম্যাচের শুরু থেকেই একতরফা দাপট ছিল বার্সেলোনার। ম্যাচের অষ্টম মিনিটে প্রথম গোলটি আসে গেটাফের খেলোয়াড়ের পা থেকে। আলবার নীচু ক্রস বিপদমুক্ত করতে গিয়ে জালে জড়িয়ে দেন হুয়ান রদ্রিগেস। দুই মিনিট পরই পেনাল্টি থেকে গোলের সুযোগ নষ্ট করেন মেসি। ডি-বক্সে নেইমারকে ফেলে দিলে স্পট কিকের নির্দেশ দিয়েছিলেন রেফারি। ডান দিকে মারা মেসির দুর্বল শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক।

২০তম মিনিটে মেসির ক্রস থেকে হেড করে ব্যবধান বাড়ান মুনির। ১২ মিনিট পর আবারও গোলের যোগানদাতা মেসি। ডি-বক্সে নিখুঁতভাবে বাড়ানো বলে প্রথম ছোঁয়াতেই গোল করেন নেইমার। দুটি গোলে অবদান রাখার পর ৪১তম মিনিটে নিজেই গোল করেন মেসি। ডি-বক্সের একটু বাইরে থেকে নেওয়া তার জোরালো শট এবার ঠেকাতে পারেননি গোলরক্ষক। বার্সা এগিয়ে যায় ৪-০ গোলে।

৫১তম মিনিটে লা লিগায় অ্যাসিস্টের হ্যাটট্রিক করেন মেসি। তার বাড়ানো বল ডি-বক্সে খুঁজে নেয় নেইমারকে। প্লেসিং শটে বল জালে জড়িয়ে দেন ব্রাজিল অধিনায়ক। এই মৌসুমে লা লিগায় গোল হলো তার ২০টি। খেলার ৫৭ মিনিটে গোল করেন আর্দা তুরান।

লিগে এটা বার্সেলোনার টানা দ্বাদশ জয়। আর এ নিয়ে টানা ৩৭টি ম্যাচে অপরাজিত রইলো কাতালান ক্লাবটি। ২৯ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা আরেক ধাপ এগিয়ে গেল লা লিগার চ্যাম্পিয়ন হওয়ার পথে। এক ম্যাচ কম খেলা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে আছে তারা। ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ২৮ ম্যাচ খেলা রিয়াল মাদ্রিদ।

/এমআর/