২০২৬ বিশ্বকাপে ব্রাজিল ফাইনালে খেলবে বলায় ঠাট্টার শিকার কোচ

২০০২ সালে শেষবার বিশ্বকাপের ফাইনালে খেলেছিল ব্রাজিল, ওইবারই জিতেছিল পঞ্চম ও সবশেষ ট্রফি। তারপর থেকে কেবলই ব্যর্থতার গ্লানিতে ভেসেছে সেলেসাওরা। চলতি বিশ্বকাপ বাছাই পর্বে নেই সুবিধাজনক অবস্থায়। এমন পরিস্থিতিতে তাদের কোচ দোরিভাল জুনিয়র প্রবল আত্মবিশ্বাস নিয়ে উচ্চাকাঙ্ক্ষী ঘোষণা দিলেন, ‘ব্রাজিল ২০২৬ বিশ্বকাপের ফাইনালে খেলবে।’ তার এই বক্তব্য নতুন করে ফিরিয়েছে লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপের স্মৃতি। দোরিভাল এমন ভবিষ্যদ্বাণী করে হাসি-ঠাট্টার শিকার হলেন।

ব্রাজিলের ফুটবল দিনকে দিনে তলানিতে ঠেকছে। গত দুটি বিশ্বকাপে তারা ছিটকে গেছে কোয়ার্টার ফাইনাল থেকে। সবশেষ কোপা আমেরিকাতেও উরুগুয়ের কাছে টাইব্রেকারে হেরে শেষ আটে থেমেছে তাদের মিশন। সম্প্রতি বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরকে হারিয়ে জয়ে ফেরার পর বাংলাদেশ সময় বুধবার সকালের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে এই ধারা ধরে রাখার প্রত্যয়। এমন সময় ‘শিশুসুলভ’ মন্তব্য করে আলোচনায় দোরিভাল।

সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে ব্রাজিল কোচ বললেণ, ‘আমরা ২০২৬ বিশ্বকাপ ফাইনালে খেলবো, আমরা হবো ফাইনালিস্ট। আমি যে এটা বলছি, আপনারা সেটা ভিডিও করে রাখতে পারেন। আমার কোনও সন্দেহ নেই যে আমরা ফাইনালে থাকবো।’

মজার ব্যাপার হলো, ২০২২ সালের মে মাসে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে লিভারপুল কোচ ক্লপও একই ধরনের মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আগামী বছরের ফাইনাল কোথায়? ইস্তানবুল? হোটেল বুক করে রাখুন।’

কিন্তু পরের মৌসুমে সেই রিয়ালের কাছে শেষ ষোলোতে হেরে বিদায় নেয় লিভারপুল! দোরিভালের ব্রাজিল কোন পর্যন্ত যাবে, সেটাই এখন দেখার অপেক্ষা। তবে তাকে নিয়ে হাসি-ঠাট্টা চেপে রাখতে পারেননি ব্রাজিল সমর্থকরা।

একজন এক্স-এ ক্লপের মন্তব্য ছেপে লিখেছেন, ‘একই ভাইব্স।’ আরেকজনের মন্তব্য, ‘আপনার ভিনিসিয়ুস জুনিয়র আছে, যে কি না জাতীয় দলের জন্য কোনও অবদান রাখতে পারে না। আর আপনি কি না ফাইনালে যেতে চাইছেন? কে দলকে সেখানে নেবে?’ দোরিভালের ব্রাজিলের বাছাইপর্বের দুর্দশা উল্লেখ করে একজনের ঠাট্টা, ‘তিনি এখনও বাছাইপর্ব উতরাতে পারেননি, এখনই ফাইনালিস্ট হওয়ার কথা বলছেন। এই ধরনের মাঝারি মানের খেলোয়াড় নিয়ে লজ্জা থাকা উচিত, আপনারা তো গ্রুপ পর্ব পার হতে পারবেন না, এই টুইট বুকমার্ক করে রাখুন।'