বার্সার দুই সতীর্থের আচরণে বিরক্ত ছিলেন গুন্ডোগান

বার্সেলোনার সঙ্গে দুই বছরের চুক্তি করেছিলেন ইলকাই গুন্ডোগান। কিন্তু এক বছর যেতেই তাকে ফ্রিতে ছেড়ে দিতে হয়েছে। দম বন্ধ করার মতো পরিস্থিতিতে পড়েছিলেন জার্মান তারকা। ম্যানসিটিতে ফিরে জানালেন, বার্সার দুই সতীর্থের আচরণে হতাশ হয়েছিলেন তিনি।

সাংবাদিক হোয়ান ফোন্তেসের তথ্য অনুযায়ী গুন্ডোগান এই এক বছরে খুব একটা সুখে ছিলেন না। বার কানালেতেস-কে এই সাংবাদিক বলেছে, দুই সতীর্থের একজন মার্ক আন্দ্রে টের স্টেগেন। আরেকজন রবার্ট লেভানডোভস্কি।

গুন্ডোগান তার স্বদেশী টের স্টেগেন নীরব থাকার মানসিকতায় বিরক্ত ছিলেন। ড্রেসিংরুমে বার্সা গোলকিপারের আরও সরব হওয়া উচিত ছিল মনে করেন। আর তরুণ খেলোয়াড়দের প্রতি সাবেক বরুসিয়া ডর্টমুন্ড সতীর্থ লেভানডভস্কির আচরণের সমালোচনা করেছেন তিনি। এছাড়া পোলিশ স্ট্রাইকার তারকা তরুণদের সাহায্য করার পরিবর্তে নিজের দিকেই মনোযোগ দেন বলেও হতাশ ছিলেন গুন্ডোগান।

এর আগেও কয়েকবার সতীর্থদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন জার্মানির সাবেক মিডফিল্ডার। গত এপ্রিলে পিএসজির কাছে হারের পর প্রকাশ্যে সতীর্থদের সমালোচনা করেন তিনি।