ব্রাজিলের বিশ্বকাপ বাছাই থেকে এবার বাদ মিলিতাও

কনমেবল বিশ্বকাপ বাছাইয়ে হতাশাজনক সময় কাটানো ব্রাজিলের দুর্দশা আরও বাড়ছে, কারণ ইনজুরিতে পড়া খেলোয়াড়দের তালিকা আরও লম্বা হচ্ছে। এবার তাতে যোগ হলো এডার মিলিতাওয়ের নাম।

চিলি ও পেরুর বিপক্ষে চলতি অক্টোবরে দুটি বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলবে ব্রাজিল। ঊরুর ইনজুরি থেকে এই দুটি ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়লেন মিলিতাও। ব্রাজিলিয়ান এফএ (সিবিএফ) এই কথা জানিয়েছে।

পায়ের চোটে গত মাসের আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেননি মিলিতাও। গত শনিবার রিয়াল মাদ্রিদের হয়ে ভিয়ারিয়ালের বিপক্ষে শেষ দিকে বদলি নেমেছিলেন তিনি। তারপর সাও পাওলোতে গেছেন এই ডিফেন্ডার।

সিবিএফ এক বিবৃতি দিয়ে জানায়, ‘এই রবিবার তার পরীক্ষা করা হয়েছে। তার বাম ঊরুতে ছোট পেশির চোট ধরা পড়েছে। যে কারণে তার খেলা হচ্ছে না।’

ফ্ল্যামেঙ্গোর ফ্যাব্রিসিও ব্রুনোকে মিলিতাওয়ের স্থলাভিষিক্ত করা হয়েছে।

একই ম্যাচে চোট পেয়ে ভিনিসিয়ুস জুনিয়রকে হারিয়েছে ব্রাজিল। তার জায়গায় খেলবেন আন্দ্রেস পেরেইরা।

আট ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ব্রাজিল। আগামী ১০ অক্টোবর চিলির মাঠে এবং পাঁচ দিন পর পেরুকে ঘরের মাঠে খেলবে তারা।

টেবিলের শীর্ষ ছয়টি দল সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পেলেও ব্রাজিলের এমন দৈন্যদশা চিন্তা বাড়াচ্ছে।

এরই মধ্যে ব্রেমার, আলিসন ও গুইলহেরেমে আরানাকে চোটের কারণে হারিয়েছে ব্রাজিল। তাদের স্থলাভিষিক্ত হয়েছেন লুকাস বেরালদো, ওয়েভারটন ও অ্যালেক্স তেল্লেস।