নেপালের কাঠমান্ডুতে ২০ অক্টোবর থেকে বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন শুরু হচ্ছে। এই প্রতিযোগিতা সামনে রেখে ইংলিশ কোচ পিটার বাটলারের অধীনে আক্রমণাত্মক ফুটবল রপ্ত করার চেষ্টা করছেন সানজিদা-মাসুরারা।
দশরথ স্টেডিয়ামে দুই বছর আগের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল বাংলাদেশ। জয়ী দলের সদস্য মাসুরা পারভীন জানালেন, আগ্রাসী ফুটবল খেলতে তারা প্রস্তুত, ‘নতুন কোচ আমাদের সেভাবেই প্রস্তুত করছেন। ভালো অনুশীলন হচ্ছে। উনি চান না আমরা নিচে নেমে খেলি, উনি রক্ষণাত্মক ফুটবল পছন্দ করেন না। বেশিরভাগ সময় আমাদের আক্রমণাত্মক ফুটবল খেলান। আক্রমণাত্মক খেলাই উনি পছন্দ করেন।’
দলের অভিজ্ঞ ফরোয়ার্ড সানজিদা আক্তারও ভালো কিছুর প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ‘আমরা তেমন একটা প্রস্তুতি ম্যাচ খেলতে পারিনি। আমরা নিজেরা নিজেদের মধ্যে ম্যাচ খেলেছি। কিন্তু অন্য দেশের সঙ্গে খেলতে পারলে অনেক ভালো হতো। আমাদের ভুল-ত্রুটিগুলো ধরতে পারতাম, ভালো হতো, অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে পারতাম। কিন্তু সাফের জন্য আমাদের প্রস্তুতি মোটামুটি আছে। চেষ্টা করবো ভালো কিছুর করার।’