নারীদের সাফ চ্যাম্পিয়নশিপে এবার বাংলাদেশের সামনে শিরোপা ধরে রাখার মিশন। তবে ভারত, নেপালকে হারিয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখা চ্যালেঞ্জিং। সেটা মানছেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুনও।
গ্রুপ পর্বে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২০ অক্টোবর। প্রতিপক্ষ পাকিস্তান। গ্রুপ পর্বে শক্তিশালী ভারতের বিপক্ষে পরের ম্যাচ ২৩ অক্টোবর।
সাফের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে কোনও প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ। যদিও অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে বসুন্ধরা কিংস অ্যারেনায় কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন মারিয়া মান্দা, মনিকা চাকমারা। যদিও সেটাকে যথেষ্ট মানছেন না অধিনায়ক সাবিনা খাতুন, ‘সাফের প্রস্তুতির জন্য কিছু ম্যাচ দরকার ছিল। যদিও সারা বছর ট্রেনিংয়ে থাকা ও ম্যাচ টেম্পারমেন্ট এক বিষয় না। ম্যাচ খেলতে না পারার আক্ষেপ তো থাকছেই।’
বাংলাদেশের গ্রুপে আছে শক্তিশালী ভারত ও পাকিস্তান। সাফের শিরোপা ধরে রাখা কতটা কঠিন হবে? সংবাদ সম্মেলনে সাবিনা বলেছেন, ‘শিরোপা ধরে রাখতে পারবো কিনা বলতে পারবো না। তবে অনেক চ্যালেঞ্জিং হবে।’
সর্বশেষ সাফে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা ছিল ডিফেন্ডার আঁখি খাতুন ও ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্নার। এবার তারা নেই। স্বাভাবিকভাবেই তাদের অভাব অনুভব করবেন সাবিনা, ‘এটা সত্যি আঁখি ও স্বপ্নাকে মিস করবো। ওরা দু’জন থাকলে ভারত ও নেপাল ভয় পায়। তবে যারা আছে তাদেরকে নিয়েই আমাদের লড়াই করতে হবে।’
এদিকে, অতীত ভুলে সামনে তাকাতে চান বাংলাদেশের ইংলিশ কোচ পিটার বাটলার, ‘আগে কি হয়েছে সেটা নিয়ে বসে থাকতে চাই না। এখন আমরা সামনের দিকে তাকাতে চাই। আমি এই দল নিয়ে খুব আত্মবিশ্বাসী। আশা করি, আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমরা টুর্নামেন্টটা উপভোগ করতে চাই।’
কাঠমান্ডুর উদ্দেশে বাংলাদেশ দল ঢাকা ছাড়বে মঙ্গলবার।