সাফ নারী চ্যাম্পিয়নশিপ জিতে বাংলাদেশের মেয়েরা এখন বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে খেলার মাঠে নয়, বিভিন্ন মিডিয়া ও সংস্থায় সাক্ষাৎকার কিংবা অনেকটা সংবর্ধনা নিয়ে। এই তো আজ জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন ও ফাইনালে জয়সূচক গোলদাতা ঋতুপর্ণা চাকমা গিয়েছিলেন বিসিবিতে। সেখানে এক অনুষ্ঠানের জন্য নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে খেলার নানান দিক নিয়ে গল্প করেছেন দুজন।
আধঘণ্টা ব্যাপী অনুষ্ঠানে উপস্থাপকের ভূমিকায় ছিলেন নিগার নিজেই। আর সাবিনা ও ঋতুপর্ণা নিজের কথা বলে গেছেন। সাবিনা যেমন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। ফুটবল, পারিবারিক ও ক্যারিয়ারসহ নানা দিক নিয়ে।’
সাবিনা নিজে তার জার্সিও উপহার দিয়েছেন নিগারকে। ক্রিকেটের দলনেতাও দুজনকে তার জার্সি দিয়েছেন। তিনজনই আবার ক্রিকেট ব্যাট ও বল নিয়ে ফটোসেশন করেছেন।