ব্রাজিল ভক্তদের আস্থা রাখতে বললেন মার্কিনিয়োস  

বিশ্বকাপ বাছাইয়ে ঠিক মতো মন ভরাতে পারছে না ব্রাজিল। সর্বশেষ ম্যাচেই যেমন হোঁচট খেয়েছে। ভেনেজুয়েলার মাঠে ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা। ঘুরে দাঁড়াতে কাল বুধবার ভোর ৬টা ৪৫ মিনিটে আবার মাঠে নামছে। প্রতিপক্ষ উরুগুয়ে। এই অবস্থায় ব্রাজিল ভক্তদের আস্থা রাখতে বলেছেন দলটির ডিফেন্ডার মার্কিনিয়োস। 

বাছাইয়ে এখন পর্যন্ত ৫ জয়ের বিপরীতে ৪টি হারের সঙ্গে দুটি ড্র করেছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পয়েন্ট টেবিলে দরিভাল জুনিয়রের দল ১৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে। শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে পিছিয়ে আছে ৫ পয়েন্টে। লাতিন অঞ্চলের বাছাই থেকে টেবিলের শীর্ষে থাকা ৬টি দল সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে। যেখানে উরুগুয়ে ১৯ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। 

সর্বশেষ ম্যাচে ১-১ ড্র করা ব্রাজিলকে রক্ষা করেছে ভিনিসিয়ুস জুনিয়রের শেষ মুহূর্তে পাওয়া পেনাল্টি। অনেক ভক্তই দলের পারফরম্যান্সে আশাহত। তাদের নিয়ে ম্যাচের আগে ভারপ্রাপ্ত অধিনায়ক মার্কিনিয়োস বলেছেন, ‘আমাদের কর্মকাণ্ডে অনেকেই জাতীয় দল নিয়ে আশা ছেড়ে দিতে পারে। কিন্তু তাদের প্রতি অনুরোধ, অন্তত এই দলটির প্রতি নিজেদের আবেগ যেন না হারায়।’

বর্তমানে দরিভাল জুনিয়রের অধীনে রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে ব্রাজিল। ছন্দ খুঁজে পাচ্ছে না। তবে মার্কিনিয়োস মনে করেন, এই সমস্যা সমাধানে কিছুটা সময় প্রয়োজন, ‘আমরা কিছু ভুল করবোই, কারণ সময়টা আমাদের রূপান্তরের। নতুন বলা চলে। কিন্তু ভুলগুলো খুবই কম; আর এটাই আমাদের আনন্দ দেয়।’

পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান নিয়ে তার কথা, ‘টেবিলে যে অবস্থানে আছি, এটা নিয়ে খুব বেশি ভাবছি না। বিশেষ করে যতক্ষণ আমরা সন্তোষজনক জায়গায় বিচরণ করছি। ওপরে উঠতে অবশ্যই জিততে চাই। যাতে আরও আত্মবিশ্বাস পেতে পারি।’