প্রথমবারের মতো চ্যালেঞ্জ কাপ দিয়ে এবারের ঘরোয়া ফুটবল মৌসুম শুরু হতে যাচ্ছে। ২৯ নভেম্বর প্রিমিয়ার লিগের পর মাঠে গড়াবে বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ। ১০ দলের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ৩ ডিসেম্বর থেকে। আর ফাইনাল হবে আগামী বছর ২ মে। আজ বুধবার বাফুফে ভবনে ফেডারেশন কাপের ড্র হয়েছে। এতে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ১০ দল। এবারের আসরে এক গ্রুপে পড়েছে দুই ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান ও আবাহনী।
এবার খেলা হবে তিনটি ভেন্যুতে- বসুন্ধরা কিংস অ্যারেনা, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম (কুমিল্লা) ও রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম (কুমিল্লা)।
ড্রতে গত মৌসুমে ট্রেবল শিরোপা জয়ী বসুন্ধরা কিংস ছিল এক নম্বর পটে। তাদের সঙ্গে ছিল রানার্সআপ মোহামেডান। দুই নম্বর পটে বাংলাদেশ পুলিশ এফসি এবং আবাহনী লিমিটেডের নাম ছিল।
ড্রতে ‘বি’ গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আবাহনী এবং মোহামেডান। তাদের সঙ্গে রয়েছে চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ এবং ফকিরেরপুল ইয়ং মেনস ক্লাব।
‘এ’ গ্রুপে রয়েছে গত মৌসুমের ট্রেবল জয়ী কিংস, বাংলাদেশ পুলিশ এফসি, ফর্টিস এফসি, ব্রাদার্স ইউনিয়ন এবং ঢাকা ওয়ান্ডারার্স। ফেডারেশন কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আবাহনী-মোহামেডান ৭ জানুয়ারি মুখোমুখি হবে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আয়োজিত হবে ম্যাচটি।
দুই গ্রুপের শীর্ষ দুটি দল ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবে। ওই ম্যাচের বিজয়ী দল সরাসরি ফাইনালে যাবে। হেরে যাওয়া দলের শিরোপার লড়াইয়ে ওঠার সুযোগ শেষ হয়ে যাবে না। দুই গ্রুপের রানার্সআপের মুখোমুখি লড়াইয়ে বিজয়ী দলের সঙ্গে তারা ম্যাচ খেলবে। এই ম্যাচে বিজয়ী দল জায়গা করে নেবে ফাইনালে।