ড্রয়ে শুরু ম্যানইউর আমোরিম যুগ

অনেক আশা-ভরসা রেখে রুবেন আমোরিমকে নিয়োগ দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার প্রথমবার ক্লাবটির ডাগআউটে দাঁড়ান পর্তুগিজ কোচ। কিন্তু শুরুটা হলো হতাশায় মোড়ানো। ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের নিচের দিকে থাকা ইপসউইচ টাউনের মাঠে ১-১ গোলে ড্র করেছে ম্যানইউ।

৩-৪-২-১ ফরমেশনে খেলা শুরু করা ম্যানইউ মাত্র ৮১ সেকেন্ডে গোলের দেখা পায়। দুই ডিফেন্ডারের ফাঁক গলে ভেতরে ঢুকে পড়ে অ্যামাডের নিখুঁত ক্রসে জালে বল ঠেলে দেন মার্কাস র‌্যাশফোর্ড।

গোল শোধে মরিয়া হয়ে ওঠে ইপসউইচ। বিরতির আগে লিয়াম ডেলাপের একটি শট একহাতে রুখে দেন ইউনাইটেড কিপার আন্দ্রে ওনানা। তবে প্রথমার্ধে ঠিকই সমতা ফেরায় স্বাগতিকরা। ৪৩তম মিনিটে ম্যানইউ ডিফেন্ডার নোসাইর মাজরাউরির গায়ে লেগে আসা বল বাঁকানো শটে জালে জড়ান হাচিনসন।

বিরতির পর ইপসউইচ স্ট্রাইকার স্যাম সোমোডিকচ ব্যাক হিল থেকে গোল করেই বসেছিলেন। ওনানা পা দিয়ে তার চেষ্টা রুখে দেন। আর কোনও দল গোল ন পাওয়ায় বিজয়ের হাসি হাসতে পারেননি কেউ।

এই ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে ম্যানইউ। শীর্ষ চার থেকে ছয় পয়েন্ট দূরে তারা। ইপসউইচ ৯ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে।